Wasim Akram and Mitchel starck

পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের একটি রেকর্ড নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ব্রিসবেনে প্রথম দিনে নতুন রেকর্ড গড়েছেন এই বাঁহাতি।

টেস্ট ক্রিকেটে পাকিস্তান কিংবদন্তি আকরামের উইকেট ৪১৪টি। এতোদিন বাঁহাতি পেসারদের মধ্যে আকরামই ছিলেন শীর্ষে।

আজ তাকে ছাড়িয়ে যান স্টার্ক। ইংলিশদের বিপক্ষে আজ ৬ উইকেট নেওয়া এই পেসারের উইকেট এখন ৪১৮। সংখ্যা যে আরও বাড়বে, তা তো বলাই বাহুল্যতা!

তো, আকরামের মতো গ্রেটের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার পর কি বললেন বর্তমান সময়ে পেসারদের মধ্যে ভয়ংকর একজন, মিচেল স্টার্ক?
তিনি বলছেন, আকরামই সেরা বাঁহাতি পেসার!

দিনের খেলা শেষে স্টার্কের কাছে প্রশ্ন ছিল, তিনি কি এখন নিজেকে সেরা বাঁহাতি পেসার মনে করেন?

স্টার্ক সময় নিলেন না, দ্রুতই বললেন, “না, আমি নিজেকে গ্রেটেস্ট অব অল টাইম বলব না। পরে এসব নিয়ে ভাবব। ওয়াসিম এখনো আমার চেয়ে অনেক ভালো বোলার। আমার কাছে তিনি এখনো বাঁহাতি পেসারদের মধ্যে শীর্ষে, আর ক্রিকেটের সেরা বোলারদের একজন। তাঁর পাশে আমার নাম উচ্চারিত হচ্ছে, এটা ভালো। তবে আমি শুধু চেষ্টা করে যাব।”

বিনয়ী স্টার্ক ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেও পা মাটিতেই রাখছেন। তিনি জানেন, তার সামনে আরও বহুদূর যাওযার সুযোগ। তাই সময়েই তার হয়ে কথা বলবে।

ওদিকে, ওয়াসিম আকরাম প্রশংসায় ভাসিয়েছেন স্টার্ককে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আকরাম লিখেছেন, “সুপার স্টার্ক! তোমার জন্য গর্ব হচ্ছে। দারুণ পরিশ্রম তোমাকে আলাদা করেছে। আমার উইকেটসংখ্যা তুমি ছাড়িয়ে যাবে, এটা সময়ের ব্যাপারই ছিল। আমি আনন্দের সঙ্গে এই রেকর্ড তোমাকে তুলে দিলাম। আরও ভালো করো। ক্যারিয়ারে নতুন নতুন পালক যোগ করো।”

স্টার্ক আসলেই নতুন নতুন পালক যোগ করে চলেছেন। এবারের অ্যাশেজ সিরিজই দেখুন, দুই ম্যাচ শেষ হয়নি, অথচ তার উইকেট হয়ে গেছে ১৬টি! গড় ১১.৫০!

চলতি বছরে এই পেসারের বোলিং গড় নেমে এসেছে ১৫.২০-এ, যা তাঁর ক্যারিয়ারের সেরা!