হাবিবুল বাশার সুমন

চলতি মাসের শেষদিকে মাঠে গড়ানোর কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ৬টি ফ্র্যাঞ্চাইজি এখন দল গুছিয়ে নিচ্ছে। এর মধ্যে হালকা ধাক্কা খেয়েছে চট্টগ্রাম রয়্যালস।

ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার এবং মেন্টর হিসেবে সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু সুমন এখন জানাচ্ছে, তিনি চট্টগ্রামের সাথে থাকছেন না।

না থাকার কারণ ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছিলেন বাশার। তবে এবার তিনি খোলাসা করেছেন আসল কারণ।

খেলোয়াড়ি জীবনে ‘মি. ফিফটি’ হিসেবে খ্যাতি পাওয়া বাশার জানিয়েছেন, এবারের বিপিএলে তিনি টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিচ্ছেন। এর ফলেই মূলত তিনি চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব ছেড়েছেন।

বাশারকে না পেলেও দল গোছানোর কাজটা সেরে নিচ্ছে চট্টগ্রাম। বন্দরনগরীর দলটিতে প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। কোচিং প্যানেলে আরও রয়েছেন নাজমুল হোসেন মিলন এবং আশরাফুল ইসলাম জিকো।