ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ পরিষদের বার্ষিক সাধারণ সভা তথা এজিএম আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভার অন্যতম আলোচ্যসূচি, ক্রিকেটারদের ক্যাটাগরি ও বেতন নির্ধারণ। এই সভায় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে কেন্দ্রীয় চুক্তিতে নিচে নামিয়ে দেওয়া হতে পারে। ফলে কমে যাবে তাদের বেতন।
বিসিসিআই ২০২৪-২৫ চক্রে (১ অক্টোবর ২০২৪ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫) চার ক্রিকেটারকে এ প্লাস ক্যাটাগরিতে রেখেছিল। তারা হচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এবার কোহলি ও রোহিত এ ক্যাটাগরিতে নেমে যেতে পারেন।
ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বিসিসিআইয়ের ৩২তম এজিএমে বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ নিচে নামানো হতে পারে কোহলি ও রোহিতকে।
ভারতের এ দুই কিংবদন্তি টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। বর্তমানে তারা শুধু ওয়ানডে খেলছেন। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তারা অবসর নেন। এর আগে মে মাসে টেস্ট ক্রিকেট ছাড়েন।
এদিকে, হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নতুন কেন্দ্রীয় চুক্তিতে কোহলি ও রোহিতকে আগের মতোই এ প্লাস ক্যাটাগরিতে রাখা হবে, নাকি এ ক্যাটাগরিতে নামিয়ে আনা হবে, তা এখনো পরিষ্কার নয়।
এ প্লাস ক্যাটাগরিতে বার্ষিক বেতন ৭ কোটি রুপি। এ ক্যাটাগরিতে ৫ কোটি, বি ক্যাটাগরিতে ৩ কোটি এবং সি ক্যাটাগরিতে ১ কোটি রুপি।
এদিকে, পিটিআই জানিয়েছে, ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিলের উন্নতি হচ্ছে। তাকে নতুন কেন্দ্রীয় চুক্তিতে এক ধাপ ওপরে তুলে এনে এ প্লাস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হতে পারে। বর্তমানে তিনি এ ক্যাটাগরিতে আছেন।

