জাতীয় ক্রিকেট লিগ ২০২৫ এ চ্যাম্পিয়ন রংপুর

নিজেদের কাজটা আগেই সেরে নিয়েছিল রংপুর। অপেক্ষা ছিল সিলেট কি করে সেটা দেখায়। তবে সিলেট সহজ হিসাবটা মেলাতে পারেনি। আর তাই চ্যাম্পিয়নের তকমা নিজেদের করে নিয়েছে রংপুর।

আকবর আলীর নেতৃত্বে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতেছে দেশের উত্তরাঞ্চলের দলটি। এর আগে সবশেষ ২০২২ সালের তারা শিরোপা জিতেছিল।

এনসিএলের ষষ্ঠ রাউন্ডে চট্টগ্রামের কাছে হেরে গিয়েছিল রংপুর। ফলে তাদের জন্য যাত্রাটা একটু কঠিন হয়ে ওঠেছিল।

চ্যাম্পিয়ন হতে শেষ রাউন্ডে খুলনাকে হারাতেই হতো রংপুরের। রূপসা পারের দলটিকে ৭ উইকেটে হারিয়ে অপেক্ষায় ছিল আকবর আলীর দল।

কারণ, চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল সিলেটেরও। চায়ের দেশ যদি বরিশালের বিপক্ষে জয় পেত, তাহলে তারাই চ্যাম্পিয়ন হতো। কিন্তু জাকির হাসানের নেতৃত্বাধীন সিলেট জয় নিশ্চিত করতে পারেনি।

বরিশালের বিপক্ষে আজ জিততে হলে ৩২০ রান করতে হতো সিলেটকে। তবে ৫ উইকেটে ১৮৭ রানে শেষ হয়ে যায় সময়। আসাদুল্লাহ আল গালিব ৬১ ও মুশফিকুর রহিম ৫৩ রান করেন। ড্রতেই শেষ হয় ম্যাচ। তাই সিলেটকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। গেল আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল।

রংপুর ৩১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন। সিলেট ২৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ।

পড়ুন আরও:
লিভারপুলে ‘বলির পাঁঠা’ মোহাম্মদ সালাহ!