বিশ্বকাপের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বনিম্ন ১০০ রুপিতে দেখা যাবে।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা জানিয়েছে, প্রথম ধাপে ২০ লাখের বেশি টিকিট বিক্রি করা হবে। আইসিসির নিজস্ব টিকিট বিক্রির ওয়েবসাইটে (tickets.cricketworldcup.com) আজ বৃহস্পতিবার থেকেই পাওয়া যাচ্ছে বৈশ্বিক এই আসরের টিকিট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে ভারত ও শ্রীলঙ্কায়। আসর শুরু আগামী ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ।
আইসিসি জানিয়েছে, ভারতের কিছু ভেন্যুতে সাধারণ গ্যালারিতে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ রুপি (১.১ ডলার)। অন্যদিকে শ্রীলঙ্কায় সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১ হাজার শ্রীলঙ্কান রুপি (৩.২ ডলার)।
তবে সব ম্যাচের টিকিটমূল্য কিন্তু এরকম নয়। যেসব ম্যাচ কম গুরুত্বপূর্ণ বা হাইপ কম, সেগুলোর টিকিটমূল্য কম। হাইপ বেশি ম্যাচের টিকিটমূল্যও বেশি।
যেমন, কলকাতায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য হচ্ছে ৩০০ রুপি। মুম্বাইয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচের সর্বনিম্ন মূল্য ২৫০ রুপি। আবার কলকাতায় বাংলাদেশ-ইতালির ম্যাচের টিকিট সর্বনিম্ন ১০০ রুপি।
টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য আইসিসির ওই ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে।
আইসিসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে কবে থেকে টিকেট বিক্রি শুরু হবে, সেটা শিগগিরই জানানো হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২০ দল। টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি এরই মধ্যে প্রকাশ করেছে আইসিসি। চারটি গ্রুপে আছে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল যাবে সুপার এইটে।

