মোহাম্মদ সাইফউদ্দিন

বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবাং বিপিএলে খেলবেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। শক্তিশালী এই দলটি আজ রোববার থেকে শুরু করেছে মাঠের অনুশীলন।

তারকায় ঠাসা ঢাকা ক্যাপিটালসের হয়ে একাদশে জায়গা পেতে লড়তে হবে সাইফউদ্দিনকে। সেটা ভালো করেই জানেন এই পেস বোলিং অলরাউন্ডার।

তবে মোহাম্মদ সাইফউদ্দিন বলছেন, জাতীয় দলে জায়গা করে নিতে হলে এবার বড় মঞ্চ হচ্ছে বিপিএল। এই মঞ্চে দারুণ কিছু করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নিতে চান তিনি।

আজ অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মোহাম্মদ সাইফউদ্দিন।

তিনি বলেন, “প্রতিটা টুর্নামেন্ট শুরুর আগে যে দাম দিয়েই নেওয়া হোক না কেন, সবসময় চেষ্টা করি নিজের সর্বোচ্চটা দেওয়ার। বিপিএল বাংলাদেশের শীর্ষ টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। এটার দিকে সবার চোখ থাকে। এখানে ভালো খেললে জাতীয় দলে খেলার সুযোগ দ্রুত আসে।”

“আমাদের বিশ্বকাপের আগে আর যেহেতু কোনো সিরিজ, হোম সিরিজ বা অ্যাওয়ে সিরিজ নেই, তো এটা আসলে আমাদেরকে প্লেয়ারদের ঝালিয়ে নেওয়ার জন্য বড় একটা মঞ্চ। তো ইনশাআল্লাহ চোখ থাকবে এখানে ভালো কিছু করার। এখান থেকে নিজের সেরাটা দিয়ে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার।”

ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি শোয়েব আখতার। তবে এখনও তার সঙ্গে দেখা হয়নি সাইফউদ্দিনের।

“প্লেয়ারদের যখন শুটিং ছিল, ওইদিন উনি আসেনি। এরপরের দিন উনি শুটিং করেছে। যার কারণে উনার সাথে দেখা বা কথা হয়নি। আমি একটা ইন্টারভিউতে দেখেছি উনি হয়তোবা জানুয়ারির মাঝামাঝি আসতে পারে। আসলে ইনশাআল্লাহ তখন উনার অভিজ্ঞতা জানার চেষ্টা করব এবং কিছু অভিজ্ঞতা উনার থেকে নেওয়ার চেষ্টা করব।”