রক্ষণে কিছুটা এলোমেলো দেখা গেল বার্সেলোনাকে। তবে সেটা বিপদ হয়ে দেখা দেয়নি। কারণ, দুই উইঙ্গার রাফিনিয়া ও ইয়ামাল ছিলেন দুর্দান্ত। তাদের দুটি গোলেই লা লিগায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
আজকের এই জয়ে লা লিগায় নিজেদের শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা। ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪২।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৩৫। ম্যাচ তারা সমান সংখ্যকই খেলেছে।
লা লিগায় আজকের ম্যাচটিই ছিল এ বছরে বার্সার শেষ ম্যাচ। আগামী ৩ জানুয়ারি লিগে এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করবে তারা।
ফিফার বর্ষসেরা একাদশে জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার। ঠিক আগের দিন এ নিয়ে প্রকাশ্য ক্ষোভ জানিয়েছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। জার্মান কোচ কেন ক্ষোভ প্রকাশ করেছেন, সেটাই যেন আজ আরেকবার দেখিয়ে দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার।
আজ ম্যাচের প্রথম গোলটি রাফিনিয়ার। ১২ মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করেন তিনি। এই পেনাল্টিও তিনি আদায় করেন। জুলস কুন্দের কাছ থেকে বল পেয়ে ভিয়ারিয়ালের বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। তাকে ঠেকাতে গিয়ে সান্তি কোমেনেসা ফাউল করে বসেন। পেনাল্টি পায় বার্সা। গোল করেন রাফিনিয়া।
৩৯ মিনিটে লামিনে ইয়ামালকে অহেতুক ফাউল করেন রেনাতো ভেইগা। লাল কার্ড দেখে মাঠে ছাড়েন তিনি। ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল।
৬৩ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করেন ইয়ামাল। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

