হ্যারি কেইন রীতিমতো উড়ছেন। একের পর এক গোল করছেন, গোল করাচ্ছেন। বায়ার্ন মিউনিখের হয়ে দারুণ সময় কাটছে তার।
এই পথচলায় জার্মান জায়ান্টদের হয়ে বুন্দেসলিগায় শততম গোলে অবদান রাখলেন হ্যারি কেইন। এর মধ্য দিয়ে গড়েছেন রেকর্ডও। মাত্র ৭৮ ম্যাচেই তিনি স্পর্শ করেছেন গোলে অবদানের সেঞ্চুরি।
জার্মান লিগে গোলে অবদানে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ড ছিল সাবেক ডাচ উইঙ্গার আরিয়ান রোবেনের। তিনি ১১৯ ম্যাচ খেলে ১০০ গোলে অবদান রেখেছিলেন। সেই রেকর্ড যেন গুঁড়িয়ে দিলেন ব্রিটিশ ফরোয়ার্ড।
বুন্দেসলিগায় হাইডেনহাইমের বিপক্ষে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। অধিনায়কত্বের আর্মব্যান্ড ছিল কেইনের হাতে। ম্যাচটি তারা জিতেছে ৪-০ ব্যবধানে।
কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পাচ্ছিলেন না কেইন। ম্যাচের শেষমুহুর্তে পেয়ে গেলেন কাঙ্ক্ষিত গোল। এই গোলের মধ্য দিয়েই শততম গোলে অবদানের রেকর্ড গড়েন কেইন।
ম্যাচের ১৫ মিনটে বায়ার্নকে এগিয়ে দেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োসিপ স্তানিসিচ। ৩২তম মিনিটে মাইকেল ওলিসের গোলে ব্যবধান বাড়ে। ৮৬ মিনিটে গোল করেন লুইস দিয়াস। এরপর যোগ করা সময়ে হ্যারি কেইনের গোল।
বুন্দেসলিগায় এটি কেইনের ৮১তম গোল। এছাড়া তার অ্যাসিস্ট ১৯টি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ৭৮ ম্যাচে ১০০ গোলে অবদান হয়ে গেল তার।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত হ্যারি কেইন, “শেষ পর্যন্ত গোলটি করতে পারায় ভালো লেগেছে। আগেও কয়েকটি সুযোগ পেয়েছি, কাজে লাগাতে না পেরে বিরক্ত ছিলাম। পরে একটি অন্তত পেরেছি।”
“অবশ্যই খুবই গর্বিত (রেকর্ড নিয়ে)। প্রতিটি দিনের যে নিবেদন….সতীর্থরা, সাপোর্ট স্টাফদের কথাও বলতে হবে, যারা আমাকে আরও ভালো করে তোলে ও উন্নতি সহায়তা করে। আমি এসব রেকর্ডের দিকে অবশ্য খুব একটা তাকাই না। তবে যখন তা ধরা দেয়, ভালো লাগে এবং পরের অর্জনে তাকাতে ভালোবাসি। কাজেই দেখা যাক, পরের ১০০ কত দ্রুত করতে পারি।”
এবারের লিগে কেইনের গোল ১৫ ম্যাচে ১৯টি। এই মৌসুমে সব প্রতিযোগিতায় ২৫ ম্যাচে ৩০ গোল।
বুন্দেসলিগায় শীর্ষে আছে বায়ার্ন। ৯ পয়েন্ট এগিয়ে থেকে নতুন বছরে মাঠে নামবে তারা।

