অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এই সাফল্য বেশ সমারোহেই উদযাপন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জয়ী দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করেছে তারা।
বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ ২১ লাখ ৮৩ হাজার।
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তান ম্যাচ একপেশে হয়। ভারত জিতবে, এটাই যেন অনুমিত। কিন্তু এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভিন্ন রূপে দেখা গেল পাকিস্তানকে। তাদের কাছে পাত্তাই পায়নি ভারত। ১৯১ রানের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
দুবাইতে ফাইনাল শেষে সামির মিনহাস, ফারহান ইউসাফ, হুসাইফা হাসানরা আজ রীতিমতো বীরের বেশে দেশে ফিরেছেন। ইসলামাবাদ বিমানবন্দরে তাদেরকে রাজকীয় বরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি ক্রিকেটাররা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি হাতে ছাদখোলা বাসে যখন এগিয়ে যাচ্ছে, তখন সবাই তাদেরকে ফুল ছিটাচ্ছেন। এমনকি তাদেরকে দেখতে অনেকেই উট ভাড়া করে এসেছেন।
ক্রিকেটারদের এমন সাফল্যকে উদযাপন করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি প্রত্যেককে ৫০ লাখ পাকিস্তানি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
শুধু তা-ই নয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের জন্য এক বিশাল অভ্যর্থনা অনুষ্ঠানেরও আয়োজন করবেন।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা এ নিয়ে দ্বিতীয়বার জিতলো পাকিস্তান। এর আগে ২০১২ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।

