বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলা রিশাদ হোসেনের জন্য শুরুটা খুব একটা স্বস্তির ছিল না। প্রথম তিন ম্যাচে উইকেটের দেখা পেয়েছিলেন কম। তবে পার্থ স্কর্চার্সের বিপক্ষে শুক্রবারের ম্যাচে নিজেকে নতুন করে মেলে ধরলেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
ইনিংসের শুরুতে কিছুটা চাপেই ছিলেন রিশাদ। পাওয়ার প্লেতে এক ওভার বল করে খরচ করেন ৯ রান। পঞ্চম ওভারে একটি ছক্কাও হজম করতে হয় তাঁকে। তবে সেই ওভারেই আসে প্রথম সাফল্য। ছন্দ খোঁজার লড়াইয়ে থাকা কুপার কনোলিকে সপ্তম ওভারের দ্বিতীয় বলে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ বানান রিশাদ। ওই ওভারে দেন ১০ রান।
এরপর আরও ধারালো হয়ে ওঠেন এই লেগ ব্রেকার। দশম ওভারের দ্বিতীয় বলে অ্যারন হার্ডিকে শর্ট ফাইন লেগে মাইকেল ওয়েনের হাতে ক্যাচ করান তিনি। ওই ওভারে বাকি চার বলে পার্থ তোলে মাত্র চার রান।
রিশাদের শেষ স্পেল আসে ইনিংসের ১৬তম ওভারে। দ্বিতীয় বলেই লরি ইভান্সের ব্যাট থেকে ছক্কা হজম করলেও পরের বলেই ঘুরে দাঁড়ান। ইভান্সকে ম্যাথিউ ওয়েড ম্যাকডারমটের গ্লাভসে ক্যাচ বানিয়ে পূর্ণ করেন নিজের তৃতীয় উইকেট।
ম্যাচে ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। এটিই চলতি বিগ ব্যাশে তাঁর সেরা বোলিং ফিগার।
আরও পড়ুন:
এর আগে সিডনি থান্ডারের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটশূন্য ছিলেন রিশাদ। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পান দুটি উইকেট, মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে নেন একটি। চার ম্যাচ শেষে ৭.৫০ ইকোনমি রেটে তাঁর ঝুলিতে এখন ৬ উইকেট।
বিগ ব্যাশের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে এই পারফরম্যান্স রিশাদের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

