বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হয়েছে সিলেট পর্ব দিয়ে। শুরুটা যতই জমজমাট হোক, এই পর্ব শেষ হওয়ার আগেই টুর্নামেন্টে বড় পরিবর্তনের আভাস মিলছে। সিলেট পর্ব শেষে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার বাংলাদেশের মাটি ছাড়তে পারেন—এর মধ্যে পাকিস্তানি ক্রিকেটাররাই সবচেয়ে বেশি আলোচনায়।
কারণ স্পষ্ট। জানুয়ারির শুরুতেই আন্তর্জাতিক ব্যস্ততা অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় অনুষ্ঠিত হবে সিরিজটি।
এই সিরিজের জন্য সালমান আলি আগার নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই দলে বিপিএল খেলতে আসা সাতজন ক্রিকেটার রয়েছেন।
ফলে ৭ জানুয়ারির আগেই ওই ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিতই বলা যায়। বিপিএলের সিলেট পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে টুর্নামেন্ট গড়াবে চট্টগ্রাম পর্বে। এর মাঝেই নিজ নিজ ফ্র্যাঞ্চাইজিকে বিদায় জানাতে হবে পাকিস্তানি তারকাদের বড় একটি অংশকে।
পাকিস্তানের স্কোয়াডে ডাক পাওয়া বিপিএল–খেলা ক্রিকেটাররা হলেন—ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)। যদিও সব মিলিয়ে বিপিএলের বিভিন্ন দলে আট থেকে দশজন পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন।
শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অনিভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। এবারের বিপিএলে এখনো মাঠে নামা হয়নি তাঁর। ২৯ ডিসেম্বর রংপুর রাইডার্সের জার্সিতে প্রথমবার মাঠে নামতে পারেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। গত আসরে তিনি খেলেছিলেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে।
প্রায় ছয় মাস পর পাকিস্তান দলে ফিরেছেন শাদাব খান। কাঁধের অস্ত্রোপচারের কারণে গত জুন থেকে মাঠের বাইরে ছিলেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ভালো ফর্মে রয়েছেন তিনি।
অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে নেই সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও গতিময় পেসার হারিস রউফ। এই সিরিজে পাকিস্তানের পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সালমান মির্জা। লঙ্কানদের বিপক্ষে এই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতেই ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল চূড়ান্ত করবে পাকিস্তান।
শ্রীলঙ্কা সিরিজে পাকিস্তানের স্কোয়াড:
সালমান আলি আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক।

