বয়স এখনো পনেরোয় পা রাখেনি। অথচ ক্রিকেটের রেকর্ডবুকে নাম লেখানো যেন বৈভাব সুরিয়াবংশীর নিত্যদিনের কাজ। ব্যাট হাতে একের পর এক বিস্ময় দেখানোর পর এবার নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারতের এই কিশোর প্রতিভা—অধিনায়ক হিসেবেও।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়তে যাচ্ছেন সুরিয়াবংশী। ম্যাচের শুরুতে টস করতে নামার সঙ্গে সঙ্গেই যুব ওয়ানডে ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের স্বীকৃতি পেয়ে যাবেন তিনি। এই সিরিজে ভারতীয় যুব দলের নেতৃত্ব তাঁর হাতেই তুলে দিয়েছে দল ব্যবস্থাপনা।
শনিবার শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজের প্রথম দিনে সুরিয়াবংশীর বয়স হবে ১৪ বছর ২৮২ দিন। এত অল্প বয়সে আগে কখনো কোনো ক্রিকেটার যুব ওয়ানডে দলে নেতৃত্ব দেননি।
এতদিন পর্যন্ত এই রেকর্ডটি ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের দখলে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান যুব দলকে নেতৃত্ব দেওয়ার সময় তাঁর বয়স ছিল ১৫ বছর ১৪১ দিন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে যুব দলকে নেতৃত্ব দেন তিনি, তখন বয়স ছিল ১৫ বছর ২৮৪ দিন।
ভারতীয় যুব দলে হঠাৎ করেই এই নেতৃত্বের পরিবর্তন এসেছে মূল অধিনায়ক আয়ুশ মাত্রে ও সহ-অধিনায়ক ভিহান মালহোত্রার চোটের কারণে। কবজির সমস্যায় দুজনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না। সে কারণেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুরিয়াবংশীর হাতে। তবে বিশ্বকাপে দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মাত্রে ও মালহোত্রাই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল ঘোষণার সঙ্গে সঙ্গে যুব বিশ্বকাপের স্কোয়াডও জানিয়েছে ভারত। আগামী ১৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও নামিবিয়ায় শুরু হবে এই টুর্নামেন্ট। ১৬ দলের আসরে ‘বি’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, নিউ জিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
চার গ্রুপে ভাগ হয়ে হওয়া এই প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে তিনটি দল যাবে পরের পর্বে। এরপর দুটি গ্রুপে ছয়টি করে দল খেলবে, সেখান থেকে সেরা দুই দল উঠবে সেমি-ফাইনালে।
যুব বিশ্বকাপের ইতিহাসে পাঁচবার শিরোপা জিতেছে ভারত—যা এখনো কোনো দল পারেনি। এবারও শিরোপার দৌড়ে তাদের রাখা হচ্ছে এগিয়ে। আর সেই প্রত্যাশার বড় অংশ জুড়ে আছেন সুরিয়াবংশী।
যুব ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৫ ম্যাচে তাঁর সংগ্রহ ৭৬৭ রান। গড় ৫১.১৩, স্ট্রাইক রেট ১৫৮.৭৯। দুটি সেঞ্চুরির একটি এসেছে ইংল্যান্ডের বিপক্ষে—৭৮ বলে ১৪৩ রান। সেই ম্যাচেই মাত্র ৫২ বলে শতরানে পৌঁছে গড়েছেন যুব ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আরেকটি সেঞ্চুরি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে—৯৫ বলে ১৭১ রান। সেই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১৪টি ছক্কা, যা যুব ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ।
আরও পড়ুন:
জমজমাট ম্যাচে বসুন্ধরা কিংসকে বাঁচালেন আনিসুর রহমান জিকো
কেবল বয়সভিত্তিক ক্রিকেটেই নয়, সিনিয়র পর্যায়েও রেকর্ড ভাঙার কাজ চালিয়ে যাচ্ছেন সুরিয়াবংশী। গত আইপিএলে সেঞ্চুরি করে বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন তিনি।
এর পর গত বুধবার ভারতের ভিজায় হাজারে ট্রফিতে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও তিনিই। ওই ম্যাচেই মাত্র ৫৯ বলে দেড়শ রান ছুঁয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।
এই ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি এসেছে জাতীয় পর্যায় থেকেও। ওই ম্যাচের দুদিন পরই তিনি পেয়েছেন ভারতের রাষ্ট্রীয় সম্মান—প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার।
এখন দেখার বিষয়, নেতৃত্বের প্রথম দায়িত্বে নেমে সুরিয়াবংশী তাঁর রেকর্ডের ঝুলিতে আর কী যোগ করেন।

