গোলের দেখা না পেয়েই প্রথমার্ধ শেষ করে আর্সেনাল। তবে বিরতির পর ডেডলক ভাঙতেই যেন বাঁধন ছিঁড়ে যায়। একের পর এক গোল করে বড় জয় তুলে নেয় মিকেল আর্তেতার দল।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারায় আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে যায় লন্ডনের ক্লাবটি।
প্রিমিয়ার লিগে আগের আট ম্যাচে টানা জয় পাওয়া ভিলা এদিন কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় আর্সেনাল। স্বাগতিকদের হয়ে গোল করেন গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার ও গাব্রিয়েল জেসুস।
১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।
এই হারে শিরোপা লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে উনাই এমেরির দল।
ম্যাচের শুরুতে প্রথম ভালো সুযোগটি পায় ভিলা। ১৩তম মিনিটে মাঝমাঠে ভিক্তর ইয়োকেরেশের ভুলে বল পেয়ে আক্রমণে ওঠে সফরকারীরা, তবে ছয় গজ বক্সের বাইরে থেকে ওলি ওয়াটকিন্সের শট লক্ষ্যে রাখতে পারেননি।
প্রথমার্ধে আর্সেনাল শট নেয় বেশি, তবে বড় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি। ইয়োকেরেশ দুটি হেডের সুযোগ পেলেও কোনোটিই লক্ষ্যে রাখতে পারেননি।
বিরতির পর শুরু থেকেই চেপে ধরে আর্সেনাল। ৪৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভুলে এগিয়ে যায় স্বাগতিকরা। গাব্রিয়েলের সঙ্গে সংঘর্ষে বল হাতছাড়া হলে সেটিই গোললাইনের ওপারে চলে যায়। ভিলা ফাউলের দাবি তুললেও ভিএআরের পর গোল বহাল রাখেন রেফারি।
এর চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। মার্টিন ওডেগোরের থ্রু পাস থেকে প্রথম ছোঁয়ায় গোল করেন সুবিমেন্দি।
এরপরও আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। ৬৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ত্রোসারের শক্তিশালী শটে স্কোরলাইন ৩–০ হয়।
৭৭তম মিনিটে বদলি হিসেবে নামা গাব্রিয়েল জেসুস মাঠে নেমেই গোল পান। ত্রোসারের পাস থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
যোগ করা সময়ে কাছ থেকে গোল করে ব্যবধান কমান ওলি ওয়াটকিন্স। তবে তাতে ফল বদলায়নি। ৪–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ২–২ ড্র করেছে চেলসি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচ নম্বরে। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

