আল নাসরের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদো।রোনালদোর গোলসংখ্যা নিয়ে হঠাৎ বিতর্ক সৃষ্টি হয়েছে। ছবি: গেটি

সৌদি প্রো লিগে টানা জয়ের রেকর্ডের পর অবশেষে থামল আল নাসরের ছুটে চলা। ক্রিস্টিয়ানো রোনালদো গোল পেলেও জয় ধরে রাখতে পারল না তার দল। আল ইত্তিফাকের মাঠে ২–২ গোলের ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি।

এই ম্যাচের আগে সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম ১০ ম্যাচে শতভাগ জয় পেয়েছিল আল নাসর। একাদশ ম্যাচেই এসে সেই দুর্দান্ত যাত্রায় ছেদ পড়ল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। ১৬তম মিনিটে জর্জিনিয়ো ভেইনালডামের গোলে এগিয়ে যায় আল ইত্তিফাক। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে নিখুঁত ফিনিশে গোলটি করেন ডাচ মিডফিল্ডার।

বিরতির পর আল নাসর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৪৭তম মিনিটে জোয়াও ফেলিক্স গোল করে ম্যাচে সমতা ফেরান। তার এই গোলেই নতুন করে প্রাণ ফিরে পায় অতিথিরা।

৬৭তম মিনিটে এগিয়ে যায় আল নাসর। বক্সের ভেতরে জটলার মধ্যে ফেলিক্সের নেওয়া শট রোনালদোর গায়ে লেগে জালে ঢুকে পড়ে। গোলটি রোনালদোর নামেই নথিভুক্ত হয়।

এই গোলের মাধ্যমে ক্যারিয়ারে ৯৫৭তম গোলের দেখা পান পর্তুগিজ তারকা। চলতি বছরে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি তার ৪১তম গোল। বয়স ৪০ হলেও গোলের ক্ষুধা যে একটুও কমেনি, সেটাই যেন আবার প্রমাণ করলেন তিনি।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। ম্যাচের শেষ ১০ মিনিট বাকি থাকতে নিজের দ্বিতীয় গোল করেন ভেইনালডাম। দূরপাল্লার শটে আবার সমতায় ফেরে আল ইত্তিফাক।

শেষ দিকে রোনালদো একটি হেডের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয় তার চেষ্টা। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ার সুযোগ আর পায়নি আল নাসর।

১১ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে এখনো লিগ টেবিলের শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল তাওউন।