বাংলাদেশ দলের উল্লাস উইকেট পেয়ে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) দ্বাদশ আসর এখন চলমান। ২৬ ডিসেম্বর শুরু হওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হবে আগামী ২৩ জানুয়ারি। বিপিএল শেষ হতেই আন্তর্জাতিক ক্রিকেটে ঢুকে পড়বে বাংলাদেশ দল। সামনে অপেক্ষা করছে বিশ্বকাপ ও একাধিক দ্বিপাক্ষিক সিরিজে ঠাসা একটি বছর।

২০২৬ সাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই বছরে পুরুষ ও নারী—দুই দলকেই অংশ নিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। পাশাপাশি রয়েছে নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ত সূচি।

পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপের বাকি দুই দল নেপাল ও ইতালি।

বিশ্বকাপের আগে ও পরে আন্তর্জাতিক সূচি সামলানোটা হবে বড় চ্যালেঞ্জ। কারণ আইসিসির এই মেগা ইভেন্টের বাইরে ২০২৬ সালে লিটন দাসদের জন্য এখন পর্যন্ত মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ নির্ধারিত রয়েছে।

নারী ক্রিকেটেও বছরটি কম ব্যস্ত নয়। আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

তবে সেখানে সরাসরি খেলার টিকিট এখনো নিশ্চিত নয়। জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলকে। সেই বাধা পেরোতে পারলেই মিলবে মূল পর্বের টিকিট।

বিশ্বকাপের বাইরে নারী দলের জন্য ২০২৬ সালে এখন পর্যন্ত তিনটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি রয়েছে। অর্থাৎ বাছাইপর্বসহ পুরো বছর জুড়েই আন্তর্জাতিক ব্যস্ততায় থাকতে হবে টাইগ্রেসদের।

সব মিলিয়ে বিপিএল দিয়ে শুরু হওয়া ২০২৬ সালের ক্রিকেট সূচি বাংলাদেশের জন্য কঠিন হলেও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভালো করার পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও পারফরম্যান্স ধরে রাখতে পারলেই বছরটি স্মরণীয় হয়ে উঠতে পারে।

বাংলাদেশের ক্রিকেট সূচি একনজরে>>

*পুরুষ ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ:
ফেব্রুয়ারি-মার্চ
বাংলাদেশের ম্যাচ সূচি-

৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, কলকাতা
৯ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইতালি, কলকাতা
১৪ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম ইংল্যান্ড, কলকাতা
১৭ ফেব্রুয়ারি— বাংলাদেশ বনাম নেপাল, মুম্বাই

পাকিস্তানের বাংলাদেশ সফর
মার্চ-এপ্রিল (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর
এপ্রিল (৩টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর
জুন (৩টি ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশ যাবে জিম্বাবুয়ে সফরে
জুলাই (২ টেস্ট, ৫ ওয়ানডে)

টাইগারদের আয়ারল্যান্ড সফর
আগস্ট (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
আগস্ট (২ টেস্ট)

ভারতের বাংলাদেশ সফর
সেপ্টেম্বর (৩ ওয়ানডে)

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর
অক্টোবর-নভেম্বর (২ টেস্ট)

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর
নভেম্বর-ডিসেম্বর (২ টেস্ট, ৩ ওয়ানডে)

আরও পড়ুন:
রিয়াল মাদ্রিদে গোলখরা, এমবাপ্পের ওপর নির্ভরতা বাড়ছেই

*নারী ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
জানুয়ারি-ফেব্রুয়ারি

টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুন-জুলাই

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর
এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর
অক্টোবর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
ডিসেম্বর (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)।