শামীম হোসেন পাটোয়ারী

গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন শামীম হোসেন পাটোয়ারী। সে সিদ্ধান্ত নিয়ে তখন প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। শেষ পর্যন্ত ওই সিরিজের শেষ ম্যাচেই দলে ফেরেন শামীম।

সময় ঘুরে এবার বিপিএলের মঞ্চে আবার আলোচনায় তিনি। বৃহস্পতিবার ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলার পর শামীম জানালেন লিটনের প্রতি কৃতজ্ঞতার কথা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ৬ রানে হারে ঢাকা ক্যাপিটালস। দল হারলেও ঢাকার হয়ে একাই লড়াই করেন শামীম। ৪৩ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। শেষ বল পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে গেলেও দলকে জেতাতে পারেননি। তবু এই ইনিংস বিপিএল ইতিহাসের অন্যতম স্মরণীয় ইনিংস হিসেবে জায়গা করে নেয়।

বিপিএলের আগে ব্যাট হাতে ভালো সময় কাটছিল না শামীমের। জাতীয় দলের হয়ে খেলা শেষ সাত ইনিংসের পাঁচটিতেই আউট হন এক অংকে। সেজন্যই ধারাবাহিক ব্যর্থতার পর আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়েন তিনি। তখনই নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেছিলেন লিটন কুমার দাস।

বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়কের সেই সমর্থনের কথা মনে করিয়ে দেন শামীম। তিনি বলেন,
“অবশ্যই আমি লিটন ভাইকে ধন্যবাদ দিব। উনি আমাকে আমার উপর অনেক ট্রাস্ট রাখছে। কারণ তার আগে আমি ম্যাচ উইনিং নকও খেলেছি।”

খারাপ সময় পার করা একজন ক্রিকেটারের জন্য অধিনায়কের আস্থা যে কতটা গুরুত্বপূর্ণ, সেটাও ব্যাখ্যা করেন শামীম। তার ভাষায়, “একটা প্লেয়ারের দুই-তিনটা ম্যাচ খারাপ হতেই পারে। এটা কোনো ব্যাপার না। আবার যদি একটু ব্যাকআপ দেয়, সাপোর্ট দেয়, ভালো সাপোর্ট দেয়, অবশ্যই ভালোভাবে কামব্যাক করা যায় ইজিলি।”

নিজের খারাপ সময় নিয়ে মানসিকভাবে কীভাবে ছিলেন—এমন প্রশ্নে শামীম বলেন, “অবশ্যই আমি ওরকম চিন্তা করি নাই। আমি আমি আমার ফোকাসে ছিলাম। আমি প্র্যাকটিস করছি। আমি আমার মতো করে ছিলাম, যেটা দরকার ছিল আমার ওইটাই আমি করছি।”

আরও পড়ুন:
জানুয়ারির দরজায় দাঁড়িয়ে ইউরোপের সাত তারকা

এই ম্যাচের ৮১ রান শামীমের ক্যারিয়ার সেরা ইনিংস। ইনিংসজুড়ে হাঁকিয়েছেন ৮টি চার ও ৩টি ছক্কা। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। এই ইনিংস তাকে কি এগিয়ে রাখবে?

উত্তরে শামীম বলেন, “ওইটা নিয়ে চিন্তা করি না। আমি এখন একটা ভালো টুর্নামেন্ট খেলতেছি, আমার ফোকাস এখানে। আমি চাই এখানে ভালো করতে। বিশ্বকাপের স্কোয়াডে যদি চান্স পাই, ভালো একটা প্রিপারেশন হবে আমার জন্য।”