মোহামেডান স্পোর্টিং ক্লাব

মাঝমাঠে যাঁকে ঘিরে ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলার ভারসাম্য, সেই মোজাফফর মোজাফফরভ আর নেই। উজবেক মিডফিল্ডারের হঠাৎ বিদায়ের প্রভাব যে পড়বে, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচটি। বাংলাদেশ ফুটবল লিগে আজ মুন্সিগঞ্জে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাদা–কালোদের।

এই ড্রয়ে টানা চতুর্থ ম্যাচে পয়েন্ট হারাল গত মৌসুমের চ্যাম্পিয়ন মোহামেডান। ৯ ম্যাচে দুই জয়, চার ড্র ও তিন হারে দলটির সংগ্রহ এখন ১০ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান নেমে এসেছে ছয়ে। এক পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই রয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শীর্ষে থাকা বসুন্ধরা কিংস ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে।

গত মৌসুমে মোহামেডানের শিরোপা জয়ে সুলেমান দিয়াবাতে ও মোজাফফরভ ছিলেন মাঝমাঠ ও আক্রমণের মূল স্তম্ভ। দিয়াবাতে আগেই ক্লাব ছেড়েছেন। আর বৃহস্পতিবার হঠাৎ করেই মোহামেডানের সঙ্গে সম্পর্কের ইতি টানেন মোজাফফরভ। বাবার অসুস্থতার কথা জানিয়ে উজবেকিস্তানে যাওয়ার পর সেখান থেকেই আর না ফেরার সিদ্ধান্ত জানান তিনি।

মোজাফফরভকে ছাড়া মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আজ বেশ অগোছালোই দেখিয়েছে মোহামেডানকে। মাঝমাঠে বল দখল রাখা কিংবা আক্রমণ গড়ার কাজে সমন্বয়ের ঘাটতি ছিল স্পষ্ট। পুরো ম্যাচে আলফাজ আহমেদের দল চার-পাঁচটি আক্রমণ তুলতে পারলেও একটিও গোলের ঠিকানা খুঁজে পায়নি।

দশম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় মোহামেডান। স্যামুয়েল বোয়াটেংয়ের বাড়ানো বল পেয়ে হাফিজুর রহমান গোলমুখে যেতে চেয়েছিলেন। তবে তার আগেই দ্রুত বেরিয়ে এসে বল গ্লাভসবন্দী করেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আকন্দ।

পাঁচ মিনিট পর পাল্টা আক্রমণে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। প্রথমার্ধের শেষ দিকে বোয়াটেংয়ের একটি গোলও একই কারণে টিকেনি।

বিরতির পরও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। দুই দলই আক্রমণে ধারহীন ছিল। ৭২ মিনিটে জটলার ভেতর থেকে বোয়াটেংয়ের নেওয়া নিচু শট ঠেকিয়ে দেন ইশাক।

৮৫ মিনিটে ম্যাচের শেষ বড় সুযোগটি পায় মোহামেডান। শফিউল হোসেনের কোনাকুনি পাসে বোয়াটেং পা ছোঁয়াতে পারলেই গোল হতে পারত। কিন্তু সেই স্পর্শ না হওয়ায় শেষ পর্যন্ত হতাশার ড্র মেনেই নিতে হয় সাদা–কালোদের।

এর আগে রহমতগঞ্জ ও আরামবাগের বিপক্ষেও ড্র করেছিল মোহামেডান। তারও আগে বসুন্ধরা কিংসের কাছে হেরেছিল তারা। লিগে তাদের সর্বশেষ জয় ৬ ডিসেম্বর, পিডব্লিউডির বিপক্ষে ৪–০ ব্যবধানে।