বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আসন্ন আইপিএল ২০২৬ মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার সংবাদ সংস্থা এএনআইকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

বিসিসিআই থেকে নির্দেশনা পেয়ে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা।

বিসিসিআই জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত। বাংলাদেশে ‘কয়েকজন হিন্দু নিহত হওয়ার’ খবর সামনে আসার পর ভারতে কতিপয় গোষ্ঠীর হুমকিধামকির মতো পরিস্থিতি মূল্যায়ন করে কেকেআরকে এই নির্দেশ দেওয়া হয়।

যেমনটি বলছিলেন দেবজিৎ সাইকিয়া, “পরিস্থিতি বিবেচনায় বিসিসিআই কেকেআরকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে। একই সঙ্গে বিকল্প খেলোয়াড় নেওয়ার ক্ষেত্রেও আমরা অনুমতি দিচ্ছি।”

গত বছর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কেকেআর। ওই নিলামে তাকে পেতে কলকাতা ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত বড় অঙ্কের দর হাঁকিয়ে জয়ী হয় শাহরুখ খানের দল।

তবে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেওয়ায় কেকেআর ও এর সহ-মালিক শাহরুখ খানকে নিয়ে সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজনৈতিক মঞ্চ—সব জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়ে।

বিজেপি ও শিবসেনার কয়েকজন নেতা ‘জাতীয় আবেগ উপেক্ষা করার’ অভিযোগ তুলে কেকেআর ও শাহরুখ খানের কড়া সমালোচনা করেন। বিশেষ করে ময়মনসিংহে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তির মৃত্যুর ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও চাপে পড়ে বলে দাবি করেন তারা।

এর আগেও বিজেপি নেতা সঙ্গীত সোম বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার ঘটনায় শাহরুখ খানকে ‘গাদ্দার’ বলেও আক্রমণ করেছিলেন, যা নতুন করে বিতর্ক উসকে দেয়।

তবে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কোনো মন্তব্য করেননি। সূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বর ২০২৬-এ বাংলাদেশে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে জানিয়েছে, ভারতীয় দল ২৮ আগস্ট ঢাকায় পৌঁছাবে। উল্লেখ্য, সিরিজটি মূলত গত বছর হওয়ার কথা থাকলেও দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে কেকেআরে যোগ দেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ না খেলে পুরো আইপিএল খেলতে বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছিলেন মোস্তাফিজ।

Read More:
অ্যাশেজের মঞ্চে উসমান খাজার বিদায়

আইপিএল ২০২৫ মৌসুমে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে খেলেন। সেই আসরে তিন ম্যাচে চার উইকেট নেন এই বাঁহাতি পেসার।

আইপিএলে এখন পর্যন্ত মোস্তাফিজুর রহমান খেলেছেন ৬০টি ম্যাচ। তার শিকার ৬৫টি উইকেট। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতেও আইপিএল মাতিয়েছেন তিনি।