আর্সেনাল শিরোপার লড়াইয়ে হোঁচট খেয়েছেআর্সেনাল কি পথ হারাচ্ছে?। ছবি: গেটি ইমেজেস

শুরুর ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখল আর্সেনাল। ডিফেন্সের ভুলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বোর্নমাউথকে ৩–২ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে মিকেল আর্তেতার দল।

শনিবার বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে হওয়া প্রিমিয়ার লিগের ম্যাচে শুরু থেকেই জমে ওঠে লড়াই। স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলের সামনে প্রথমে হোঁচট খেলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল।

ম্যাচের দশম মিনিটেই বড় ভুল করে বসেন গাব্রিয়েল মাগালিয়াইস। সতীর্থ ইউরিয়েন টিম্বারকে পাস দিতে গিয়ে বল তুলে দেন এভানিলসনের পায়ে। এমন সুযোগ পেয়ে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, কোনাকুনি শটে বোর্নমাউথকে এগিয়ে দেন তিনি।

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। গোল হজমের মাত্র পাঁচ মিনিট পরই প্রায়শ্চিত্ত করেন গাব্রিয়েল। ডি-বক্সে ফাঁকায় পাওয়া বল জোরাল শটে কাছের পোস্ট ঘেঁষে জালে পাঠিয়ে ম্যাচে সমতা ফেরান এই ডিফেন্ডার।

বিরতির পর আরও ধারালো হয়ে ওঠে সফরকারীরা। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে অধিনায়ক মার্টিন ওডেগোরের নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় গোল করে আর্সেনালকে এগিয়ে দেন ডেক্লান রাইস।

৭১তম মিনিটে আবারও আলোচনায় রাইস। লুইস কুকের কাটব্যাক পেয়ে কাছ থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে পাঠান তিনি। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বারের মতো এক ম্যাচে জোড়া গোল করেন ইংলিশ এই মিডফিল্ডার।

আরও পড়ুন:
হামজাদের ঘিরে আশা, সামনে নতুন চ্যালেঞ্জ

দুই গোলে পিছিয়ে পড়েও সহজে হার মানেনি বোর্নমাউথ। ৭৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে ব্যবধান কমান ফরাসি ফরোয়ার্ড ইলি জুনিয়র ক্রুপি। এতে শেষ দিকে ম্যাচে ফিরে আসে উত্তেজনা।

তবে বাকি সময়ে আর কোনো অঘটন হতে দেয়নি আর্সেনাল রক্ষণ। শেষ পর্যন্ত ৩–২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শিরোপাপ্রত্যাশীরা।

এই জয়ে ২০ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।

অন্যদিকে, ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে অবস্থান করছে বোর্নমাউথ।