১০ জনের দল নিয়ে প্রায় অসম্ভব এক লড়াই—শেষ পর্যন্ত সেটাকেই বাস্তবে রূপ দিল মালি। তিউনিসিয়ার বিপক্ষে নাটকীয় ম্যাচে টাইব্রেকারে ৩–২ ব্যবধানে জিতে আফ্রিকা কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে উঠে গেল টম সেইন্টফিয়েটের দল।
রোববার শেষ ষোলোর এই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ১–১। পরে টাইব্রেকারে এল বিলাল তোরের স্পট কিক মালিকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।
ম্যাচের ২৬তম মিনিটেই বড় ধাক্কা খায় মালি। ওয়ো কুলিবালি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে একজন কম নিয়ে খেলতে হয় ঈগলসদের। তবু রক্ষণে দৃঢ়তা রেখে লড়াই চালিয়ে যায় তারা।
৮৮তম মিনিটে ফিরাস চাওয়াতের হেডে গোল করে তিউনিসিয়াকে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল, এক জন কম নিয়ে খেলা মালির বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু নাটক তখনো বাকি।
স্টপেজ টাইমে পেনাল্টি পায় মালি। চাপের মুহূর্তে লাসিনে সিনায়োকো স্পট কিক থেকে গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। ১০ জনের দল হয়েও প্রায় ১০০ মিনিট ধরে লড়ে সমতা ধরে রাখে তারা।
অতিরিক্ত সময়েও গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই নায়ক হয়ে ওঠেন মালির গোলকিপার দিগুই দিয়ারা। তিউনিসিয়ার দুটি পেনাল্টি ঠেকান তিনি। যদিও অধিনায়ক ইউভেস বিসোমার শট গোলবারের ওপর দিয়ে যায়, শেষ পর্যন্ত এল বিলাল তোরের নিখুঁত কিকে জয় নিশ্চিত হয় মালির।
ম্যাচ শেষে আবেগাপ্লুত কণ্ঠে কোচ টম সেইন্টফিয়েট বলেন,
‘খেলার আগেই বলেছিলাম, আমার দল ইতিমধ্যে নায়কদের পর্যায়ে পৌঁছেছে। এখন আর শব্দ খুঁজে পাচ্ছি না। খেলোয়াড়রা দেশের জন্য নিজেদের উজাড় করে দিয়েছে। পেনাল্টি শুটআউটে গোলকিপার আমাদের বড় সাহায্য করেছে।’
কোয়ার্টার ফাইনালে মালির প্রতিপক্ষ পশ্চিম আফ্রিকার আরেক শক্ত দল সেনেগাল। আগামী শুক্রবার দুই প্রতিবেশীর লড়াইয়ে চোখ থাকবে পুরো মহাদেশের।

