লিডসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয়শূন্য ম্যানইউ। ছবি: সংগৃহিত

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচে উত্তাপ ছড়ায় দ্বিতীয়ার্ধে। লিডস ইউনাইটেডের মাঠে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শেষ পর্যন্ত কেউই ব্যবধান গড়তে না পারায় প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ হয় ১–১ ড্রয়ে।

রোববার এল্যান্ড রোডে ম্যাচের প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ইউনাইটেড। কিন্তু আধিপত্যকে গোলের সুযোগে রূপ দিতে ব্যর্থ হয় তারা। বিরতির আগে তাদের মাত্র একটি শটই লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ তৈরি করে লিডস। ষষ্ঠ মিনিটে দুরূহ কোণ থেকে গুডমুন্ডসনের শট ঝাঁপিয়ে ঠেকান ইউনাইটেড গোলরক্ষক। সেই রেশ কাটতে না কাটতেই ৬২তম মিনিটে দুর্দান্ত প্রতি-আক্রমণে এগিয়ে যায় স্বাগতিকরা।

নিজেদের অর্ধ থেকে বাড়ানো থ্রু পাস ধরে গতিতে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন ব্রেন্ডেন অ্যারনসন। হঠাৎ এই ধাক্কায় কিছুটা চাপে পড়ে যায় ইউনাইটেড।

তবে অপেক্ষা করতে হয়নি বেশি সময়। গোল হজমের তিন মিনিট পরই সমতায় ফেরে সফরকারীরা। বদলি হিসেবে নামা ইয়োশুয়া জির্কজির দারুণ থ্রু পাস ধরে ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে গোল করেন মাথেউস কুইয়া।

এরপর দুদলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। সমতার পরপরই আবার গোল খেতে বসেছিল ইউনাইটেড, কিন্তু ওকাফোরের শট অসাধারণ দক্ষতায় সামাল দেন গোলরক্ষক। ৮১তম মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের খুব কাছে গিয়েছিলেন কুইয়া, তবে তার শট গিয়ে লাগে পোস্টে।

নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে লিডসও জয়ের স্বপ্ন দেখেছিল। জোয়েল পিরোর বাঁকানো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

এই ড্রয়ে লিগে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয়হীন থাকল হুবেন অ্যামুরির ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তারা আপাতত পঞ্চম স্থানে রয়েছে, যদিও রাউন্ড শেষে আরও নেমে যাওয়ার শঙ্কা আছে।

অন্যদিকে, অষ্টম ড্র নিয়ে ২০ ম্যাচে ২২ পয়েন্ট সংগ্রহ করেছে লিডস ইউনাইটেড। টেবিলে তারা রয়েছে ১৬ নম্বরে।