টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ইস্যু এতটাই বড় হয়ে উঠেছে যে দল ঘোষণার খবরটা যেন আড়ালেই পড়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, সেটি নিয়েও আপাতত তেমন কোনো বিতর্ক বা আলোচনা নেই।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গতকাল দল ঘোষণা করে বিসিবি। বর্তমান পরিস্থিতি মাথায় রেখেই দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাঁর ভাষায়, বিশ্বকাপের সূচি বা ভেন্যু বদলালে স্কোয়াডেও পরিবর্তন আসতে পারে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেনসে, আর একটি ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে মোস্তাফিজ ইস্যুর পর ফেব্রুয়ারি-মার্চে ভারতে ম্যাচ খেলা নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে বলে বিসিবি ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে। ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে।
এই প্রেক্ষাপটেই দলে রাখা হয়েছে পাঁচ পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। কন্ডিশন বিবেচনায় নিয়েই মূলত এই সিদ্ধান্ত।
বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি জাকের আলী অনিক। দলে আছেন লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদসহ মোট ১৫ জন।
সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে ম্যাচগুলো হবে সন্ধ্যা ও রাতে।
তবে ভারতের বাইরে ম্যাচ সরে গেলে পরিস্থিতি বদলাতে পারে। প্রধান নির্বাচক লিপু বলেন, ‘আমরা পাঁচ পেসার নিয়েছি বিশেষ কৌশল ও পরিস্থিতির কারণে। কিন্তু ভেন্যু বদল হলে কন্ডিশনও বদলাবে। দিনের ম্যাচ রাতে গেলে কী হবে, সেটাও এখন নিশ্চিত না। আমাদের অপেক্ষা করতে হবে।’
তিনি আরও জানান, শ্রীলঙ্কায় ম্যাচ হলে সেখানে তুলনামূলক স্পিন সহায়ক উইকেট থাকায় পেসার কমিয়ে স্পিনার বাড়ানোর চিন্তাও আসতে পারে।
আইসিসি বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে, অর্থাৎ ৩১ জানুয়ারি পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রেখেছে। সে সুযোগ কাজে লাগানোর ইঙ্গিতও দিয়েছেন লিপু। তাঁর ভাষায়, ‘এই মুহূর্তে এটাই আমাদের দল। এরপর পরিস্থিতি দেখব। এখন অনেক ইস্যু সামনে এসেছে—ভেন্যু, কন্ডিশন। সব পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত হবে। চোট না থাকলে দল থাকবে। ২৯–৩০ জানুয়ারি পর্যন্ত সময় আছে।’
এদিকে ২০২৬ বিপিএলকে সামনে রেখে বিশ্বকাপ দলে ফেরার স্বপ্ন দেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ধারাবাহিক রানও করেছেন তিনি। উদ্বোধনী ম্যাচেই সেঞ্চুরি করে বার্তাও দিয়েছিলেন। কিন্তু নির্বাচক প্যানেলের মতে, টপ অর্ডারে ইতিমধ্যেই একাধিক ব্যাটার থাকায় সমন্বয়ের কারণে শান্তকে রাখা হয়নি।
একইভাবে জায়গা হয়নি জাকের আলী অনিকেরও। পাকিস্তানের বিপক্ষে এক ফিফটির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ধারাবাহিক বড় ইনিংস না থাকাটাই তাঁর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
উইকেটকিপার হিসেবে দলে আছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। তৃতীয় কিপার-ব্যাটার হিসেবে রাখা হয়েছে পারভেজ হোসেন ইমনকে। মিডল অর্ডারে ভরসা তাওহীদ হৃদয়, সোহান ও শামীম হোসেন।
টুর্নামেন্টের প্রথম দিন, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।
এই সূচি শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

