FOotballer Lennart Karl

বুন্দেসলিগার মঞ্চে বয়সটা এখনো ১৮ ছুঁয়েও দেখেনি। অথচ এই অল্প বয়সেই ইউরোপের অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লেনার্ট কার্ল। রেকর্ড গড়তে গড়তেই ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন বুনছেন জার্মানির এই বিস্ময় বালক।

চলতি মৌসুমে বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট—দুটো রেকর্ডই নিজের করে নিয়েছেন কার্ল। থেমে থাকেননি ইউরোপিয়ান মঞ্চেও। চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের হয়ে সবচেয়ে কম বয়সে গোল করার কীর্তিটাও এখন তাঁর নামের পাশে।

বায়ার্ন সমর্থকদের এক অনুষ্ঠানে নিজের স্বপ্নের কথা খোলাখুলি বলেছেন ১৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।

কার্লের ভাষায়, “এফসি বায়ার্ন খুব বড় একটি ক্লাব। এখানে খেলাটা আমার জন্য স্বপ্নের মতো। তবে একটা পর্যায়ে আমি অবশ্যই রিয়াল মাদ্রিদে যেতে চাই। এটা আমার স্বপ্নের ক্লাব। তবে ব্যাপারটা আমাদের মধ্যেই থাকুক।”

এই স্বীকারোক্তি নতুন করে আলোচনায় এনেছে কার্লকে। ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের প্রতি টান ফুটবল বিশ্বের অনেক তরুণ প্রতিভার মধ্যেই থাকে। কার্লও যে সেই তালিকায়, তা এবার আর গোপন থাকল না।

তবে স্বপ্নের আগে বাস্তবতায় পা রাখতেই চান এই তরুণ। তাঁর চোখ এখন ২০২৬ বিশ্বকাপের দিকে। জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বমঞ্চে খেলাটাই আপাতত সবচেয়ে বড় লক্ষ্য।

বিশ্বকাপ প্রসঙ্গে কার্ল বলেন, “আগে আমাদের ভালো খেলতে হবে, এরপর দেখা যাবে। ১৭ বছর বয়সে বিশ্বকাপে খেলতে পারা হলে সেটা হবে বিশেষ কিছু।”

১২ বছর বয়সে বায়ার্ন মিউনিখের একাডেমিতে যোগ দেন লেনার্ট কার্ল। তার আগে অল্প সময় ছিলেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের যুব দলে। ধীরে ধীরে নিজেকে গড়ে তুলে এখন তিনি বায়ার্নের মূল দলে নিয়মিত আলোচনার কেন্দ্রে।

রেকর্ড, আত্মবিশ্বাস আর বড় স্বপ্ন—সব মিলিয়ে লেনার্ট কার্ল যেন জার্মান ফুটবলের আগামী দিনের বড় নাম। বায়ার্নে তাঁর যাত্রা কোথায় গিয়ে থামে, নাকি স্বপ্নের রিয়াল মাদ্রিদে একদিন সত্যিই পা রাখেন—সেটাই এখন দেখার অপেক্ষা।