Coach-Amorimম্যানইউতে টিকতে পারলেন না আমোরিম। ছবি: এপি

ওল্ড ট্রাফোর্ডে অধ্যায়টা খুব বেশি দীর্ঘ হলো না রুবেন আমোরিমের। টানা ব্যর্থতা আর মাঠের হতশ্রী পারফরম্যান্সের দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এই পর্তুগিজ ট্যাকটিশিয়ানকে।

শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয়ের মুখ না দেখায় চাপ ক্রমেই বাড়ছিল। অবশেষে সোমবার সকালে সিদ্ধান্তটা জানিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। স্কাই স্পোর্টস জানিয়েছে, ফুটবল পরিচালক জ্যাসন উইলকক্স ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর বেরাদা যৌথভাবে আমোরিমকে বরখাস্তের বিষয়টি অবহিত করেন।

সিদ্ধান্ত জানানোর পর খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত বিদায়ী শুভেচ্ছা বিনিময় করে ওল্ড ট্রাফোর্ডের অনুশীলন মাঠ ছাড়েন আমোরিম। ক্লাবের ভেতরে তখনই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার প্রস্তুতি শুরু হয়ে যায়।

আমোরিমের বিদায়ের পর সাময়িকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাবের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারকে। আগামী বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের ডাগআউটে দেখা যাবে তাকে।

বরখাস্ত হওয়ার ঠিক একদিন আগে সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন আমোরিম। তিনি বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ‘ম্যানেজার’ হিসেবে, শুধু ‘কোচ’ হওয়ার জন্য নয়। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই আসে বিদায়ের ঘোষণা।

ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়,
‘অনিচ্ছা সত্ত্বেও সিদ্ধান্ত নিতে হয়েছে যে পরিবর্তন আনার এখনই সঠিক সময়। প্রিমিয়ার লিগে সম্মানজনক অবস্থানে থেকে মৌসুম শেষ করতেই এই পদক্ষেপ।’

২০২৪ সালের নভেম্বরে এরিক টেন হাগকে সরিয়ে আমোরিমকে দায়িত্ব দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ১৪ মাসের মেয়াদে তিনি ৬৩টি ম্যাচে দল পরিচালনা করেন, যেখানে জয় এসেছে মাত্র ২৪ ম্যাচে। প্রিমিয়ার লিগে তার অধীনে জয়ের সংখ্যা ১৫টি।

চলতি মৌসুমে ইপিএলে ২০ ম্যাচ শেষে ৮ জয়, ৭ ড্র ও ৫ হারে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে রেড ডেভিলসরা। বিশেষ করে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকায় শীর্ষ চারের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেছে ঐতিহ্যবাহী এই ক্লাব।

ওল্ড ট্রাফোর্ডে আমোরিমের অধ্যায় শেষ হলেও, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচিং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন এখনো থেকেই যাচ্ছে।