বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারত সফর নিয়ে যে উদ্বেগ বোর্ডের রয়েছে, সেটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরতে আইসিসির সঙ্গে পুনরায় আলোচনায় বসার প্রস্তুতিও নিচ্ছে বিসিবি।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এটি কোনো আবেগী সিদ্ধান্ত নয়; বরং খেলোয়াড়দের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করার বাস্তব প্রয়োজন থেকেই এই অবস্থান।

আইসিসিকে কেন চিঠি বিসিবির

সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটাঙ্গনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় নতুন করে নিরাপত্তা প্রশ্ন সামনে এসেছে। বিশেষ করে আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি বিসিবির উদ্বেগ আরও বাড়িয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে মোস্তাফিজকে দলে নিলেও পরবর্তীতে বিভিন্ন মহলের চাপের মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্স। একপর্যায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবির মতে, একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা নিয়েই যদি প্রশ্ন ওঠে, তাহলে বড় পরিসরের একটি টুর্নামেন্টে পুরো দলের নিরাপত্তা নিশ্চিত করা আরও জটিল হয়ে দাঁড়াতে পারে।

এই বাস্তবতা সামনে রেখেই বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুর বিষয়টি বিবেচনার অনুরোধ জানায়।

সরকারের অনুমতির প্রসঙ্গ

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি পরিষ্কার করে জানান, বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া বোর্ডের জন্য বাধ্যতামূলক।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, “আমরা আইসিসি প্রথমে লিখেছিলাম যে নিরাপত্তা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সুযোগ আছে খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়টি দেখা। কিন্তু খেলোয়াড়েদের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, যেমন সাংবাদিক, ক্রিকেট স্পন্সর বা অনেকেই খেলা দেখতে যাবে।”

“সব নিরাপত্তা তো আর ক্রিকেট বোর্ডকে দেওয়া সম্ভব না। এজন্য আমি সরকারের নির্দেশনা নিয়েছি। কারণ আমাদের যেকানো সফরের আগে সরকারের অনুমতি দরকার হয়। নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত না করা হয় তাহল আমরা বিষয়টি নিয়ে নিজেদের চেষ্টা চালিয়ে যাব।”

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনা

আইসিসির সঙ্গে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে সরকারের সর্বোচ্চ পর্যায়েও বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, “আমরা তো এটা একটা (নিরাপত্তা ইস্যু) যথার্থ কারণ নিয়ে কথা বলছি। এর আগে আমরা এতগুলো বিশ্বকাপ খেলেছি। কিন্তু কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হয়েছে (নিরাপত্তা ইস্যুতে সমস্যা)। তাই এটা নিয়ে আইসিসিকে আমরা বোঝাব। আমাদের মন্ত্রী (ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল) যেভাবে বলেছেন।”

মোস্তাফিজ প্রসঙ্গে বিসিবি সভাপতি

মোস্তাফিজুর রহমানের ঘটনার দিকে ইঙ্গিত করে বুলবুল বলেন, “দেখেছেন তো মোস্তাফিজ যেমন একটা খেলোয়াড়, একটা খেলোয়াড়কেই যখন দেখলাম নিরাপত্তা দিতে অসুবিধা হচ্ছে। এজন্য তাকে বাদ দেওয়া হয়েছে। তখন একটা দল, পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার।”

আলোচনা চলবে, অবস্থান বদলাবে না

সব মিলিয়ে বিসিবির অবস্থান স্পষ্ট—নিরাপত্তা প্রশ্নে কোনো আপস নয়। আইসিসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে, যুক্তি তুলে ধরা হবে; তবে সন্তোষজনক সমাধান না এলে ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত দিচ্ছে বোর্ড।