Barcelona Raphinhaজোড়া গোল করেন রাফিনিয়া। ছবি: রয়টার্স

ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিল বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম ১৬ মিনিটের মধ্যেই চারবার জালের দেখা পায় কাতালানরা। সেই ধাক্কা আর সামলাতে পারেনি বিলবাও। শেষ পর্যন্ত ৫–০ গোলের বড় জয়ে ফাইনালে উঠেছে শিরোপাধারীরা।

বুধবার রাতের ম্যাচে শুরু থেকেই বলের দখল, গতি আর আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখায় হান্সি ফ্লিকের দল। বিরতির আগে কার্যত ম্যাচ শেষ করে দেয় বার্সেলোনা, দ্বিতীয়ার্ধে যোগ হয় আরও একটি গোল।

রাফিনিয়া করেন জোড়া গোল। একটি করে গোল এসেছে ফেররান তরেস, ফের্মিন লোপেস ও রুনি বার্দগির পা থেকে।

পরিসংখ্যানেই স্পষ্ট বার্সেলোনার দাপট। প্রায় ৮০ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখে তারা। গোলের উদ্দেশ্যে নেয় ১৩টি শট, যার ৭টি লক্ষ্যে ছিল। অ্যাথলেটিক বিলবাওয়ের ৯ শটের মধ্যে লক্ষ্যে ছিল মাত্র ৩টি।

চোট ও ক্লান্তি সামলাতে লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কিকে বেঞ্চে রেখে একাদশ সাজান ফ্লিক। তবু আক্রমণের ধার কমেনি একটুও।

১৬ মিনিটে প্রথমবার লক্ষ্যে শট নেয় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক উনাই সিমন। ২০ মিনিটে ফের্মিন লোপেস একেবারে সামনে পেয়ে সুযোগ নষ্ট করেন।

এর পরের এক মিনিটেই ভাঙে বিলবাওয়ের প্রতিরোধ। ডান দিক থেকে বার্দগির পাসে প্রথম শট নিতে ব্যর্থ হলেও বল নিয়ন্ত্রণে নিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন ফেররান তরেস।

৩০ মিনিটে ব্যবধান বাড়ান ফের্মিন লোপেস। বাঁ দিক দিয়ে রাফিনিয়ার পাস পেয়ে প্রথম স্পর্শেই বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন তিনি।

৩৪ মিনিটে ব্যবধান ৩–০। ফের্মিনের বাড়ানো বল পেয়ে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়া নিচু শট উনাই সিমন ঠেকালেও বল গড়িয়ে জালে ঢুকে পড়ে।

চার মিনিট পরই আসে ম্যাচের সবচেয়ে চোখধাঁধানো গোল। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে প্রতিপক্ষের বাধা এড়িয়ে কাছের পোস্ট দিয়ে বুলেট গতির শটে গোল করেন রাফিনিয়া। প্রথমার্ধেই চার গোল—স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে এমন কীর্তি গড়া প্রথম দল বার্সেলোনা।

বিরতির আগে একবার ভয় ধরিয়েছিল বিলবাও। ৪২ মিনিটে সানসেতের নিচু শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধেও ছন্দ হারায়নি বার্সেলোনা। ৫২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনিয়া। বক্সের ভেতর থেকে শক্তিশালী শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৬৫ মিনিটে রাফিনিয়াকে তুলে মার্কাস র‍্যাশফোর্ডকে নামান ফ্লিক। পরে বার্দগির বদলি হিসেবে মাঠে নামেন লামিনে ইয়ামাল। তবে আর গোলের দেখা পায়নি কেউ।

একই মাঠে বৃহস্পতিবার অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে রোববার।