বার্সা তারকা লেভানডোভস্কি।বার্সায় শেষ হচ্ছে লেভানডোভস্কি অধ্যায়। ছবি: বার্সা

বার্সেলোনার জার্সিতে রবার্ট লেভানডোভস্কির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দিন দিন স্পষ্ট হচ্ছে। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে পুরো ম্যাচ বেঞ্চে বসে থাকতে হয়েছে এই অভিজ্ঞ স্ট্রাইকারকে। মাঠের বাইরে থাকা সেই দৃশ্যই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—ন্যু ক্যাম্পে কি তবে লেভানডোভস্কির সময় ফুরিয়ে আসছে?

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৫-০ গোলের একতরফা জয়ে এক মিনিটের জন্যও নামার সুযোগ পাননি লেভানডোভস্কি। এই ম্যাচে বার্সেলোনার আক্রমণের দায়িত্ব সামলান ফেররান তরেস। সুযোগ পেয়ে নিজেকে প্রমাণও করছেন স্প্যানিশ ফরোয়ার্ড, যা লেভানডোভস্কির অবস্থান আরও নড়বড়ে করে তুলছে।

চোট সমস্যা এবং ছন্দহীনতা—দুটোই কিছুটা ভোগাচ্ছে পোলিশ তারকাকে। আগের সেই ধারাবাহিক গোলস্কোরারের ছাপ এখন আর নিয়মিত দেখা যাচ্ছে না। তবু দল থেকে তাকে একেবারে বাদ দেওয়ার কথা ভাবছেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

ম্যাচের পর লেভানডোভস্কিকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফ্লিক। তিনি বলেন, “তাকে নিয়ে আমি খুবই খুশি। সে ভালো খেলছে, অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং গোল করছে। আমাদের দুই জন খেলোয়াড় আছে, যারা এই পজিশনে খেলতে পারে।”

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরাসরি কোনো ইঙ্গিত দিতে নারাজ জার্মান কোচ। তার ভাষ্য, “তার মান নিয়ে আমি সন্তুষ্ট। আমি বলছি না, সে দল ছাড়তে যাচ্ছে। এটা আমি কেন বলব? আমাদের হাতে সময় আছে, আমরা দেখব কি ঘটে। মৌসুম শেষে আমরা সিদ্ধান্ত নেব।”

একই সঙ্গে ফাইনালে ওঠার ম্যাচে শুরুর একাদশে না থাকা তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে নিয়েও কথা বলেন ফ্লিক। ৭২তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা এই স্প্যানিশ প্রতিভাকে ঘিরে চোটের শঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ।

ফ্লিক জানান, “গত দুই দিন সে ভালো অনুভব করছিল না। গতকাল কিছুটা চিকিৎসাও নেয় সে এরপর ভালো অনুভব করে। সবশেষ দুই সেশনে সে অনুশীলন করতে পারেনি, যে কারণে সে বদলি হিসেবে নেমেছিল। এটা কোনো চোটের জন‍্য, পেটের পীড়ার জন‍্য। সে ভালো অনুভব করছিল না।”

সব মিলিয়ে বার্সেলোনার আক্রমণভাগে পরিবর্তনের হাওয়া বইছে। ফেররান তরেসের উত্থান, লামিনে ইয়ামালের ব্যবস্থাপনা আর লেভানডোভস্কির অনিশ্চিত ভূমিকা—মৌসুমের বাকি সময়টায় কাতালান ক্লাবের আক্রমণ কৌশল কোন পথে যায়, সেটিই এখন দেখার।