বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায় শেষ হওয়ার পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও আসছে শোকবার্তা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে পাঠানো এক শোকবার্তায় ইনফান্তিনো উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ও পথিকৃৎ ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি এমন এক দৃষ্টান্ত রেখে গেছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘদিন প্রেরণার উৎস হয়ে থাকবে।
শোকবার্তায় ফিফা সভাপতি আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।
ফিফা সভাপতির এই বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের এমন সম্মানজনক সহমর্মিতা বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ।

