Cricketer Moeen Ali

বাংলাদেশ ক্রিকেট অনেক দূর এগিয়েছে—তবে সেই যাত্রায় এখনও বড় এক শূন্যতা রয়ে গেছে। এমনটাই মনে করেন ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলি। বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলতে বাংলাদেশে এসে শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বর্তমান ও অতীত বাংলাদেশ দলের পার্থক্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

মঈনের চোখে, এক সময়ের বাংলাদেশ দলে ছিলেন হাতে গোনা কয়েকজন সত্যিকারের বিশ্বমানের ক্রিকেটার—যাঁরা শুধু পারফরম্যান্স নয়, মানসিক দৃঢ়তা দিয়েও দলকে টেনে নিয়ে গেছেন।

মঈন বলেন, “আমার মনে হয়, আগে দুই–তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল—তামিম, সাকিবের মতো”

“ওরা বড় খেলোয়াড় ছিল। শুধু স্কিলের কারণে নয়, তাদের ক্যারেক্টারও ছিল অসাধারণ। তারা ফাইটার ছিল, চাপের মধ্যে দাঁড়িয়ে লড়াই করত। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়াটা বাংলাদেশের জন্য বিশাল সৌভাগ্যের ছিল।”

বর্তমান দল নিয়ে মঈনের মূল্যায়ন কিছুটা ভিন্ন। তাঁর মতে, এখন দলে প্রতিভার ঘাটতি নেই, কিন্তু সেই আলাদা স্তরের খেলোয়াড় নেই—যারা ম্যাচের গতিপথ একাই বদলে দিতে পারে।

“এখন ভালো খেলোয়াড় অনেক আছে। কিন্তু ওই লেভেলের খেলোয়াড় নেই। একটা নির্দিষ্ট মান পর্যন্ত অনেকেই ভালো, কিন্তু এই মুহূর্তে বিশ্বমানের ক্রিকেটার খুব বেশি নেই—এটাই বড় পার্থক্য।”

তবে মোস্তাফিজুর রহমানকে আলাদা করে বিশ্বমানের স্বীকৃতি দিতে ভুল করেননি এই ইংলিশ অলরাউন্ডার, “ফিজ অবশ্যই বিশ্বমানের। আমি জানি সে কতটা ভালো।”

তবে এখানেই থামেননি মঈন। তাঁর মতে, শুধুই স্কিল নয়—দলের ভেতরে শক্ত মানসিকতা ও চরিত্রের উপস্থিতিও সমান গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাটিতেই এখনো ঘাটতি দেখেন তিনি।

“দলে ক্যারেক্টার দরকার। সৎভাবে বললে, আমার মনে হয় মানসিক দিক থেকে এখনো একটু পিছিয়ে আছে বাংলাদেশ। তামিম ও সাকিব মানসিকভাবে খুব শক্ত ছিল। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেছে, কিন্তু সব দিক থেকে নয়—বিশেষ করে এই জায়গায়।”

একজন আন্তর্জাতিক অভিজ্ঞ ক্রিকেটারের এই পর্যবেক্ষণ আবারও সামনে এনে দিল বাংলাদেশ ক্রিকেটের সেই পুরোনো প্রশ্নটাই—প্রতিভা থাকলেও, বিশ্বমানের মানসিকতা ও নেতৃত্ব কি যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে?