দক্ষিণ আমেরিকার ফুটবল ট্রান্সফার বাজারে এক ঐতিহাসিক বিস্ফোরণ ঘটাল ক্রুজেইরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার গার্সন সান্তোসকে রেকর্ড দামে দলে টেনে মহাদেশীয় ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল চুক্তির স্বাক্ষর করল বেলো হরিজোন্তের ক্লাবটি।
রাশিয়ার ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে গার্সনকে আনতে ক্রুজেইরোর খরচ হচ্ছে ৩ কোটি ইউরো। এর মধ্যে ২ কোটি ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি, সঙ্গে ৩০ লাখ ইউরো অ্যাড–অন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২৭ কোটি টাকা।
এই চুক্তির মাধ্যমে দক্ষিণ আমেরিকান ফুটবলের আগের ট্রান্সফার রেকর্ড ভেঙে দিয়েছে ক্রুজেইরো। এতদিন মহাদেশের সবচেয়ে দামী ফুটবলার ছিলেন ভিতর রকি—যাকে বার্সেলোনা থেকে ২ কোটি ৫৫ লাখ ইউরোতে কিনেছিল পালমেইরাস।
২৮ বছর বয়সী গার্সনের সঙ্গে চার বছরের চুক্তি করেছে ক্রুজেইরো। মাত্র ছয় মাস আগেই ফ্লামেঙ্গো থেকে তাকে আড়াই কোটি ইউরোতে দলে নিয়েছিল জেনিত। তবে ব্রাজিলে ফেরার আগ্রহ ও বড় প্রকল্পের টানে ফের দেশে ফিরলেন এই মিডফিল্ডার।
দক্ষিণ আমেরিকান ফুটবলে গার্সন এক পরিচিত নাম। ফ্লামেঙ্গোর হয়ে ২০১৯ ও ২০২৫ সালে কোপা লিবার্তাদোরেস জিতেছেন তিনি। পাশাপাশি তিনবার ব্রাসিলেইরো ও ব্রাজিলিয়ান সুপার কাপও জয়ের অভিজ্ঞতা আছে তাঁর ঝুলিতে। ২০২১ সাল থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ।
২০১৯ সালের পর প্রথমবার কোপা লিবার্তাদোরেসে ফিরছে ক্রুজেইরো। গার্সনের এই রেকর্ড ট্রান্সফার সেই স্বপ্নকেই বাস্তব রূপ দেওয়ার বার্তা দিচ্ছে। অভিজ্ঞতা, নেতৃত্ব আর বড় ম্যাচের মেজাজ—সব মিলিয়ে তাঁকেই ভবিষ্যৎ অভিযানের মুখ হিসেবে দেখছে ক্লাবটি।

