road to 26 brazil france croatia

এই সিরিজেই ব্রাজিলের নতুন জার্সি

২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে মার্চে যুক্তরাষ্ট্রে বড় পরিসরের প্রীতি ম্যাচ সিরিজ খেলবে চার ফুটবল শক্তি—ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। ‘রোড টু ২৬’ নামের এই সিরিজের ম্যাচগুলোর দিন–তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনগুলো।

ফিফা আন্তর্জাতিক বিরতির সময়সূচিতে যুক্তরাষ্ট্রের বোস্টন, অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসি অঞ্চলে হবে ম্যাচগুলো। বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্স রয়েছে তিনে, ব্রাজিল পাঁচে, ক্রোয়েশিয়া দশে এবং কলম্বিয়া ১৩তম স্থানে।

সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। ম্যাসাচুসেটসের ফক্সবরোর ঐতিহ্যবাহী জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির ব্রাজিল ও দিদিয়ের দেশমের ফ্রান্স। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।

পরদিন, ২৭ মার্চ ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে খেলবে কলম্বিয়া ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়ার বিপক্ষে এটি হবে কলম্বিয়ার গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ।

২৯ মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডের নর্থওয়েস্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও কলম্বিয়া। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচের মধ্য দিয়ে সিরিজ আরও জমে উঠবে বলে আশা আয়োজকদের।

‘রোড টু ২৬’ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। অরল্যান্ডোতে বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াবে ব্রাজিল–ক্রোয়েশিয়া লড়াই।

এর আগে গত ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ জানিয়েছিলেন, মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। তবে তখন দিন–তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়নি। পরে ১৯ ডিসেম্বর সিবিএফ ম্যাচগুলোর সময়সূচি ও ভেন্যু প্রকাশ করে।

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিরিজেই ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি উন্মোচন করবে সেলেসাওরা। ফ্রান্সের বিপক্ষে হলুদ এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নীল জার্সি পরে মাঠে নামবে ব্রাজিল। একইভাবে ফ্রান্স ও ক্রোয়েশিয়াও মার্চের প্রীতি ম্যাচগুলোতে নতুন ক্রীড়াসরঞ্জাম ব্যবহার করবে।

৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, ফাইনাল হবে ১৯ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে আয়োজিত এই বিশ্বকাপে ব্রাজিল পড়েছে ‘সি’ গ্রুপে—যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।