নাইজেরিয়াও নিশ্চিত করলো সেমিফাইনাল
“জয়টা চমৎকার ছিল। তবে আগেও যেমনটা বলেছি, আমরা আমাদের দেশের জন্য লড়ছি।”
ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠেই কথাগুলো বলছিলেন মোহাম্মদ সালাহ। এর কয়েক মিনিট আগেই আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আইভরিকোস্টকে ৩–২ গোলে হারিয়ে চার বছর পর আবারও শেষ চারে ফিরেছে মিসর। সেই জয়ের কেন্দ্রে ছিলেন তাদের সবচেয়ে বড় তারকা—সালাহ।
তবে মিসরের হয়ে এই সেমিফাইনাল সালাহর কাছে কেবল আরেকটি ধাপ। লক্ষ্য এখনো দুই ধাপ দূরে। ২০১১ সাল থেকে জাতীয় দলের জার্সিতে খেললেও এখনো আফকন ট্রফির স্বাদ পাননি তিনি। ক্লাব ফুটবলে সম্ভাব্য প্রায় সব শিরোপা জেতা এই ফরোয়ার্ডের অপূর্ণতা একটাই—দেশের হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্ব।
আইভরিকোস্টের বিপক্ষে সেই স্বপ্নের পথে আরেকটি শক্ত পদক্ষেপ নিয়েছে মিসর। ম্যাচে দলের তৃতীয় ও গুরুত্বপূর্ণ গোলটি করেন সালাহ। বাকি দুই গোল আসে ওমর মারমুশ ও রামি রাবিয়ার পা থেকে।
এই গোলের মধ্য দিয়ে চলতি আফকনে নিজের খেলা চার ম্যাচের চারটিতেই জালের দেখা পেলেন সালাহ। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং শেষ ষোলোয় বেনিনের বিপক্ষেও স্কোরশিটে নাম ছিল তাঁর।
সব মিলিয়ে আফকনে সালাহর গোলসংখ্যা এখন ১০। মিসরের হয়ে এই আসরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। সমান ১০ গোল রয়েছে বর্তমান জাতীয় দলের কোচ হোশাম হাসানেরও। সেমিফাইনালে একটি গোল করলেই কিংবদন্তি হাসান আল-শাজলির পাশে গিয়ে বসবেন সালাহ।
১৪ জানুয়ারি ফাইনালে ওঠার লড়াইয়ে মিসরের সামনে কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ বর্তমান আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগাল। লিভারপুলে এক সময়ের সতীর্থ সাদিও মানের দলের বিপক্ষে মাঠে নামবেন সালাহ। কোয়ার্টার ফাইনালে সেনেগাল ১–০ গোলে হারিয়েছে মালিকে।
এদিকে শেষ রাতে আরেকটি সেমিফাইনাল নিশ্চিত করেছে নাইজেরিয়া। মারাক্কেশে ভিক্টর ওশিমেন ও আকর অ্যাডামসের গোলে আলজেরিয়াকে ২–০ ব্যবধানে হারিয়ে শেষ চারে উঠেছে সুপার ঈগলসরা। দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মরক্কো।
আফকনের মঞ্চে এখন চার শক্তির লড়াই। আর মিসরের স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে আছেন এক মানুষ—মোহাম্মদ সালাহ।

