২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বজুড়ে ঘুরছে বিশ্বকাপ ট্রফি। সেই বিশ্ব প্রদক্ষিণের অংশ হিসেবেই আজ ঢাকায় এসেছে ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত এই ট্রফি। ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। প্রথম বাংলাদেশ সফরেই দেশের মানুষের উষ্ণতা ও আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা জানালেন এই কিংবদন্তি।
ঢাকায় পৌঁছে গিলবার্তো বলেন, বাংলাদেশে আসতে পেরে তিনি সত্যিই আনন্দিত। এটি তাঁর জীবনের প্রথম বাংলাদেশ সফর। এমন আন্তরিক অভ্যর্থনার জন্য তিনি আয়োজকদের পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং বিশ্বকাপ ট্রফি ট্যুরের সহযোগী কোকা-কোলার প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশ্বকাপের আসল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসার মুহূর্তকে গিলবার্তো বিশেষ অভিজ্ঞতা হিসেবেই দেখছেন। তাঁর ভাষায়, এই ট্রফি শুধু একটি শিরোপা নয়, এটি ফুটবলের ইতিহাস ও আবেগের প্রতীক। কাছ থেকে ট্রফিটিকে দেখলেই আজও নতুন করে অনুপ্রাণিত হন তিনি।
বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হতে পারাটাকে নিজের জন্য গর্বের বিষয় বলে মনে করেন গিলবার্তো। তিনি বলেন, এই সফর তাঁকে ফুটবলকে আরও গভীরভাবে উপভোগ করতে শেখায় এবং একই সঙ্গে ‘সুন্দর খেলাটির’ একজন দূত হিসেবে দায়িত্ব পালনের অনুপ্রেরণা দেয়। ফিফার প্রতিনিধিত্ব করে বাংলাদেশে এসে ট্রফিটি নিয়ে আসতে পারা তাঁর কাছে বড় সম্মান।
বাংলাদেশের তরুণদের জন্য এই ট্রফি বিশেষ প্রেরণা হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন ব্রাজিলের সাবেক এই তারকা। তাঁর বিশ্বাস, বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ বাংলাদেশের নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং খেলাধুলার সঙ্গে যুক্ত হতে উৎসাহ দেবে।
বিশ্বকাপ ট্রফি ও গিলবার্তো সিলভার আগমনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও।
তিনি বলেন, আজ বাংলাদেশের ফুটবলের জন্য একটি স্মরণীয় দিন। কারণ আবারও ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে, আর সেই সঙ্গে এসেছেন এমন একজন কিংবদন্তি ফুটবলার, যাঁকে এতদিন মানুষ শুধু টেলিভিশনের পর্দায় দেখেছে, এবার কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছে।

