ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির অবস্থান নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির দেওয়া হালনাগাদ তথ্যে স্পষ্ট হয়েছে, ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকা খেলোয়াড়দের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯১ বলে ৯৩ রানের ইনিংস খেলেই র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরেন কোহলি। দীর্ঘ বিরতির পর এই অর্জন আসে; এর আগে সবশেষ ২০২১ সালের জুলাইয়ে ওয়ানডে ব্যাটসম্যানদের এক নম্বরে ছিলেন তিনি।
তবে র্যাঙ্কিং হালনাগাদের সময় আইসিসির এক তথ্যে দেখা যায়, কোহলি নাকি মাত্র ৮২৫ দিন শীর্ষে ছিলেন। এই হিসাব সামনে আসতেই প্রশ্ন ওঠে, কারণ এত দিনে তিনি সর্বকালের সেরা তালিকার অনেক নিচে নেমে যান।
পরবর্তীতে আইসিসি তথ্য সংশোধন করলে প্রকৃত চিত্র সামনে আসে। নতুন হিসেবে দেখা যায়, ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে কোহলি মোট এক হাজার ৫৪৭ দিন শীর্ষে ছিলেন। ফলে তিনি পেছনে ফেলেছেন বেশ কয়েকজন কিংবদন্তিকে এবং উঠে এসেছেন তালিকার তিন নম্বরে।
এই তালিকায় কোহলির ওপরে আছেন কেবল দুই ক্যারিবিয়ান মহাতারকা—ভিভ রিচার্ডস, যিনি ২ হাজার ৩০৬ দিন শীর্ষে ছিলেন, আর ব্রায়ান লারা, যার দখলে রয়েছে ২ হাজার ৭৯ দিনের রেকর্ড।

