ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
মার্কাস র‌্যাশফোর্ড গেল একটা বছর হয়তো কোনোদিনই ভুলবেন না। ক্যারিয়ারে কতো রকমের অভিজ্ঞতা এই একটা বছরে! ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে, সেখানে থেকে অ্যাস্টন ভিলায় গিয়ে ফিরে পেতে শুরু করেন নিজেকে। আর এখন বার্সেলোনার জার্সিতে তো সেরা ফর্মে ফেরার আভাস দিচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি তার মনে স্থান করে নিতে শুরু করেছে। সেজন্যই র‌্যাশফোর্ডের ইচ্ছা, ধারের চুক্তি শেষ হলে এ ক্লাবেই থাকতে চান তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে র‌্যাশফোর্ডের চুক্তি ২০২৮ সাল অবধি। এখন ধারে তিনি খেলছেন বার্সায়।

বার্সেলোনা চাইলে আগামী বছরের গ্রীষ্মে দুই কোটি ৮০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি দিয়ে তাকে পাকাপাকিভাবে দলে নিয়ে নিতে পারবে।

ইএসপিএনের সঙ্গে আলাপচারিতায় র‌্যাশফোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছিল, চলতি মৌসুমের পরও কি বার্সেলোনায় থাকতে চান?

র‌্যাশফোর্ড সোজা জবাব দেন, “অবশ্যই চাই! এই ফুটবল ক্লাবে আমি নিজেকে উপভোগ করছি এবং আমার মনে হয়, যারা ফুটবল ভালোবাসে তাদের ক্ষেত্রেও বিষয়টা তাই। ফুটবলের ইতিহাসে বার্সেলোনা বড় ক্লাবগুলোর একটি। একজন খেলোয়াড়ের জন্য এখানে থাকতে পারাটা সম্মানের।”

ইউনাইটেডের যুব দল হয়ে মূল দলে উঠে এসেছিলেন র‌্যাশফোর্ড। কিন্তু অ্যামুরি ওল্ড ট্র্যাফোর্ডে কোচ হয়ে আসার পর উল্টো পথ দেখতে থাকেন তিনি। এই পর্তুগিজ কোচের কাছে পুরোপুরি ব্রাত্য হয়ে পড়েন তিনি। তবে গত মৌসুমের শেষ ভাগে অ্যাস্টন ভিলায় গিয়ে নিজেকে আবার ফিরে পেতে শুরু করেন ২৭ বছর বয়সী ফুটবলার।

এরপর গত জুলাইয়ে ধারের চুক্তিতেই বার্সেলোনায় যোগ দেন র‌্যাশফোর্ড। সেখানে অল্প সময়েই কোচ হান্সি ফ্লিকের আস্থা অর্জন করে নিয়েছেন। কাতালান ক্লাবটিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে গোল করেছেন পাঁচটি। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে করেন জোড়া গোল।