Liverpool Cricfoot24টানা ১৩ ম্যাচ অপরাজিত লিভারপুল। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের বুধবার রাতটা কেটেছে নির্বিঘ্নেই। মাঠে কোনো অঘটন হয়নি, বড় কোনো চমকও নয়। প্রত্যাশিতভাবেই জয় তুলে নিয়েছে ইউরোপের নামী ক্লাবগুলো। লিভারপুল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি ও জুভেন্টাস—সবাই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।

অপরাজিত লিভারপুলের দারুণ ছন্দ

মৌসুমজুড়ে ওঠানামার মধ্যেও আবার ছন্দে ফিরেছে লিভারপুল। আর্নে স্লটের দলটি সব প্রতিযোগিতা মিলিয়ে এখন টানা ১৩ ম্যাচ অপরাজিত। চ্যাম্পিয়নস লিগে গত নভেম্বরে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ঘরের মাঠে বড় ব্যবধানে হারের পর আর পিছু তাকাতে হয়নি তাদের।

মার্শেইয়ের মাঠে বুধবার লিভারপুল জিতেছে ৩–০ গোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সোবোস্লাই গোল করে দলকে এগিয়ে দেন। ৭২ মিনিটে স্বাগতিকদের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোডি গাকপো করেন তৃতীয় গোল। আফ্রিকা কাপ অব নেশনস শেষে ফিরেও গোল পাননি মোহাম্মদ সালাহ।

এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল উঠে এসেছে টেবিলের চার নম্বরে। আগামী সপ্তাহে কারাবাগের বিপক্ষে জয় পেলেই শেষ ষোলো নিশ্চিত হবে ইংলিশ চ্যাম্পিয়নদের।

পিছিয়ে পড়েও বার্সেলোনার প্রত্যাবর্তন

প্রাগে স্লাভিয়া প্রাহার বিপক্ষে শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। ম্যাচের ১০ মিনিটেই ভাসিল কুসেইয়ের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। ৩৪ ও ৪২ মিনিটে ফেরমিন লোপেজের জোড়া গোলে ম্যাচে ফেরে বার্সা।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে রবার্ট লেভানডফস্কির আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির পর অবশ্য নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। দানি অলমো ও লেভানডফস্কির গোলে শেষ পর্যন্ত ৪–২ ব্যবধানে জয় নিশ্চিত হয়।

Barcelona Lewandowski and Raphinha Cricfoot24
ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে বার্সা। ছবি: এএফপি

ম্যাচ শেষে কোচ হান্সি ফ্লিক বলেন, “আমরা যেভাবে ম্যাচে ফিরে এসেছি, তাতে আমি খুশি। দল খুব ভালো খেলেছে এবং শেষ পর্যন্ত আমরা পয়েন্ট পাওয়ার যোগ্য ছিলাম বলে মনে করি।”

তিনি আরও যোগ করেন, “চ্যাম্পিয়নস লিগে শুরুটা ভালো ছিল না। কিন্তু এখনো শীর্ষ আটে ওঠার সুযোগ আছে। সেটাই আমাদের লক্ষ্য।”

৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে নবম স্থানে। শেষ ম্যাচে ঘরের মাঠে কোপেনহেগেনের বিপক্ষে খেলবে তারা।

হ্যারি কেইনের নৈপুণ্যে শেষ ষোলোয় বায়ার্ন

ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে ১০ জনের দল নিয়েও ২–০ ব্যবধানে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেইন, যদিও একটি পেনাল্টি মিস করেন তিনি।

আলিয়াঞ্জ অ্যারেনায় ৫২ মিনিটে হেডে প্রথম গোল করেন কেইন। তিন মিনিট পর নিজের আদায় করা পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইংলিশ অধিনায়ক। পরে কিম মিন-জে লাল কার্ড দেখলেও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে বায়ার্ন।

ম্যাচ শেষে কেইন বলেন, “সঠিক সময়ে আমরা গোল পেয়েছি। লাল কার্ডে একটু দুর্ভাগ্য ছিল, তবু ১০ জন নিয়েও আমরা ম্যাচ নিয়ন্ত্রণে রেখেছি।”

এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বায়ার্ন নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো।

নিউক্যাসল, চেলসি ও জুভেন্টাসের জয়

সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩–০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ইয়োনে উইসা, অ্যান্থনি গর্ডন ও হার্ভে বার্নস গোল করেন। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে।

স্ট্যামফোর্ড ব্রিজে পাফোসকে ১–০ গোলে হারিয়েছে চেলসি। ৭৮ মিনিটে মোইসেস কাইসেদোর হেডে পাওয়া গোলেই জয় নিশ্চিত হয়। এটি নতুন কোচ লিয়াম রোজনিয়রের অধীনে চেলসির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়।

অন্যদিকে বেনফিকাকে ২–০ গোলে হারালেও সুবিধাজনক অবস্থানে যেতে পারেনি জুভেন্টাস। ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৫ নম্বরে।