ফিক্সিংয়ের অভিযোগ ওঠতেই বিসিবির দায়িত্ব ছাড়লেন শামীম

ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ঘিরে আলোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোখলেসুর রহমান শামীম সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি অডিট কমিটির চেয়ারম্যানসহ বিসিবির সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

এর আগে দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে শামীমের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগের কথা উঠে আসে। বৃহস্পতিবার ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তার ব্যক্তিগত প্ল্যাটফর্মে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর এক দিনের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন বিসিবির এই পরিচালক।

ফেসবুক পোস্টে মোখলেসুর রহমান শামীম বলেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই বিসিবির সঙ্গে যুক্ত সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে এটিকে কোনোভাবেই দায় স্বীকার হিসেবে দেখা উচিত নয় বলেও উল্লেখ করেন শামীম।

পোস্টে তিনি আরও লেখেন, দেশের ক্রিকেট ও বিসিবির মর্যাদা অক্ষুণ্ণ রাখাই তার এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্ত নেওয়া তার জন্য কষ্টের হলেও, দেশের ক্রিকেটের সুনামকে তিনি নিজের অবস্থানের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন বলে জানান।

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার আবেগী সম্পর্কের কথাও তুলে ধরেন শামীম। তিনি লেখেন, বাংলাদেশ ক্রিকেট তার কাছে কেবল একটি দায়িত্ব নয়, বরং এটি ভালোবাসা, সম্মান ও আবেগের জায়গা। সেই জায়গা থেকেই তিনি মনে করেন, বিতর্কের সময় নিজের অবস্থান থেকে সরে দাঁড়ানোই প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে সঠিক পথ।

তদন্ত প্রসঙ্গে শামীম বলেন, যেকোনো অনুসন্ধানে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং দৃঢ়ভাবে বিশ্বাস করেন—সত্য ও ন্যায় শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে তিনি ভবিষ্যতেও বাংলাদেশের ক্রিকেটের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিসিবির ভেতরে ফিক্সিং সংক্রান্ত অভিযোগকে ঘিরে সাম্প্রতিক সময়ে যে আলোচনা শুরু হয়েছে, শামীমের এই সিদ্ধান্ত সেটিকে নতুন মাত্রা দিয়েছে। এখন তদন্তের অগ্রগতি এবং বিসিবির পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে দেশের ক্রিকেট অঙ্গন।