সব আয়োজনের আগে যে উত্তেজনা থাকার কথা, সেটাই এবার অনুপস্থিত। টুর্নামেন্ট শুরুর আগেও হয়নি ট্রফি নিয়ে অধিনায়কদের ফটোসেশন, ফাইনালের আগের দিনও নেই আলাদা কোনো আনুষ্ঠানিকতা। ট্রফির চেহারা না দেখেই ফাইনালের মঞ্চে নামছে দুই দল। তবু বিপিএলের শেষ ম্যাচের আবেদন এতটুকু কমছে না।
কারণ শুক্রবার সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই ভিন্ন গল্পের দল—চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স।
দুই দলই এবারের বিপিএলে নতুন পরিচয়ে মাঠে নেমেছে। তবে ইতিহাস একেবারে শূন্য নয়। রাজশাহীর শহর আগে শিরোপার স্বাদ পেয়েছে, চট্টগ্রাম পেয়েছে ফাইনালের হতাশা। এবার সেই পুরোনো হিসাব মেটানোর সুযোগ দুই পক্ষেরই।
টুর্নামেন্ট শুরুর আগে যে চিত্র ছিল, তা পুরোপুরি পাল্টে গেছে ফাইনালের মঞ্চে এসে।
রাজশাহী: পরিকল্পনার ফসল
আসরের শুরু থেকেই রাজশাহী ছিল সবচেয়ে গোছানো দলগুলোর একটি। কোচ হান্নান সরকারের নেতৃত্বে প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে। খেলোয়াড় বাছাই, কম্বিনেশন, ম্যাচ পরিস্থিতি—সবকিছুতেই ছিল সুপরিকল্পিত ছক।
পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের পারফরম্যান্সে ছিল ধারাবাহিকতা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্যপূর্ণ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে তারা।
ফাইনালের আগে কেন উইলিয়ামসনের যোগ দেওয়া সেই শক্তিতে বাড়তি অভিজ্ঞতার ছোঁয়া এনেছে। বড় ম্যাচে তার উপস্থিতি রাজশাহীর জন্য মানসিক বাড়তি শক্তি।
ফাইনালের আগে রাজশাহীর কিপার-ব্যাটসমস্যান আকবর আলী বলেন, “যখন দল গড়া হয়েছিল, তখন ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকের মধ্যে একটি কথাই হচ্ছিল যে, আমরা চ্যাম্পিয়নশিপের জন্য খেলব। এখন যেহেতু ফাইনালে এসেছে, এখন আর দ্বিতীয় ভাবনা নেই। অবশ্যই ফাইনাল জেতার জন্যই খেলব।”
চট্টগ্রাম: অনিশ্চয়তা থেকে আত্মবিশ্বাস
চট্টগ্রামের গল্পটা আলাদা। টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন মালিকপক্ষ সরে দাঁড়ানোয় দলটির মাঠে নামাই ছিল অনিশ্চিত। পরে বিসিবি দায়িত্ব নেওয়ার পর তড়িঘড়ি করে দল গঠন, নতুন কোচিং স্টাফ—সব মিলিয়ে সময় ছিল খুবই কম।
কিন্তু মাঠে নামার পর গল্প বদলে যায়। বড় তারকা ছাড়াই দলটি খেলেছে সাহসী ক্রিকেট। সবার আগে ফাইনালের টিকিট কেটে তারা বুঝিয়ে দিয়েছে, নাম নয়—ছন্দই আসল।
অধিনায়ক শেখ মেহেদি হাসান ব্যাটে-বলে দলের ভরসা। তার নেতৃত্বে চট্টগ্রাম পেয়েছে আত্মবিশ্বাস, পেয়েছে বিশ্বাস।
মুখোমুখি লড়াইয়ের সমীকরণ
কাগজে-কলমে রাজশাহী এগিয়ে—অভিজ্ঞতা, গভীরতা ও শক্তিতে। কিন্তু মাঠের বাস্তবতা অন্য কথা বলছে। এবারের আসরে দুই দলের তিন দেখায় চট্টগ্রাম জিতেছে দুটিতে, রাজশাহী একটিতে।
এই পরিসংখ্যান ফাইনালকে করেছে আরও অনিশ্চিত। দিয়েছে বাড়তি উত্তেজনার রসদ।
চট্টগ্রাম অধিনায়ক মেহেদি হাসান নিজেও মানছেন রাজশাহীর শক্তি, “আমার কাছে রাজশাহী এ বছরের সেরা দলগুলোর একটি। তবে আমরা ওদের সঙ্গে আগেও খেলেছি, জানাশোনা আছে। যদি নিজেদের ক্রিকেটটা মেলে ধরতে পারি, কিছু একটা হতে পারে।”
ফাইনালে নজর থাকবে ব্যক্তিগত পারফরম্যান্সেও। শেখ মেহেদি হাসান টুর্নামেন্টের সেরা পারফরমারদের একজন। অন্যদিকে শরিফুল ইসলাম এক উইকেট দূরে বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছোঁয়ার।
রাজশাহীর হয়ে কেন উইলিয়ামসন, সঙ্গে আকবর আলীর দৃঢ়তা—সব মিলিয়ে দুই দলের শক্তির ভারসাম্য সূক্ষ্ম ব্যবধানে ঝুলে আছে।
বিপিএলের ফাইনাল এবার কোনো নিখুঁত আয়োজনের গল্প নয়। বরং ভিন্ন অবস্থানের গল্প—একদিকে পরিকল্পিত পথচলা, অন্যদিকে প্রতিকূলতা জয় করে উঠে আসা আত্মবিশ্বাস।

