আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বিসিবির অনড় অবস্থানের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট দলকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই বিশ্ব আসরে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে।
মূলত ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। কিন্তু আইসিসি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই।
আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয় আইসিসির পক্ষ থেকে।
দীর্ঘ আলোচনা ও আইসিসির সিদ্ধান্ত
আইসিসি তাদের বিবৃতিতে জানিয়েছে, বিসিবির উত্থাপিত উদ্বেগের বিষয়ে গত তিন সপ্তাহ ধরে স্বচ্ছ এবং গঠনমূলক আলোচনা হয়েছে। ভিডিও কনফারেন্স এবং সরাসরি বৈঠকের মাধ্যমে আইসিসি বিসিবিকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করার পর আইসিসি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, টুর্নামেন্টের পূর্বনির্ধারিত সূচি পরিবর্তনের কোনো যুক্তি নেই।
আইসিসি আরও উল্লেখ করেছে যে, টুর্নামেন্টের ‘অখণ্ডতা রক্ষা এবং নিরপেক্ষতা বজায় রাখা’ তাদের অগ্রাধিকার। কোনো নির্দিষ্ট দলের জন্য সূচি পরিবর্তন করলে তা ভবিষ্যতে একটি ‘খারাপ নজির’ হয়ে থাকতে পারে, যা তারা এড়াতে চায়।
বিবৃতি অনুযায়ী, গত বুধবার আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ড বিসিবিকে একটি ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। সেখানে স্পষ্ট জানতে চাওয়া হয়েছিল, নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না। কিন্তু বিসিবির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় আইসিসি তাদের নিয়ম অনুযায়ী বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করে।
আরও পড়ুন: টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, জায়গা পেল স্কটল্যান্ড
কেন স্কটল্যান্ড?
টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী যারা সরাসরি কোয়ালিফাই করতে পারেনি, তাদের মধ্যে স্কটল্যান্ড বর্তমানে শীর্ষে (১৪তম)। এমনকি এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী সাতটি দেশ—নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান এবং ইতালির চেয়েও তারা র্যাঙ্কিংয়ে এগিয়ে। এই যোগ্যতার ভিত্তিতেই বাংলাদেশকে ছাড়াই ২০টি দলের টুর্নামেন্ট সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতে এই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে লাল-সবুজের পতাকার অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য এক বড় দুঃসংবাদ হয়ে এলো।

