বিসিবি থেকে পদত্যাগ করেছেন পরিচালক ইশতিয়াক সাদেক

বাংলাদেশ ক্রিকেটের সময়টা যেন কোনোভাবেই ভালো যাচ্ছে না। একদিকে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের—আইসিসি আজ আনুষ্ঠানিকভাবে সেই দুঃসংবাদ দেওয়ার রেশ কাটতে না কাটতেই এবার খোদ বিসিবিতে অভ্যন্তরীণ ভাঙন শুরু হয়েছে। বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক ইশতিয়াক সাদেক।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুর থেকে মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের একটি গুরুত্বপূর্ণ সভা চলছিল। বিশ্বস্ত সূত্র জানায়, সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ইশতিয়াক সাদেক তাঁর পদত্যাগপত্র জমা দেন। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালক পদে জয়ী হওয়া ইশতিয়াক বিসিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘গেম ডেভেলপমেন্ট’ বিভাগের দায়িত্বে ছিলেন।

নেপথ্যে কি শুধু ব্যক্তিগত কারণ?

পদত্যাগপত্রে ইশতিয়াক সাদেক তাঁর এই সিদ্ধান্তের পেছনে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করেছেন। তবে বিসিবির বর্তমান টালমাটাল অবস্থায় তাঁর এই প্রস্থান নিয়ে ক্রীড়াঙ্গনে নানা গুঞ্জন তৈরি হয়েছে।

ঠিক কী কারণে তিনি নির্বাচনের মাত্র কয়েক মাস পরেই দায়িত্ব ছাড়লেন, সে বিষয়ে এখনো বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বিসিবিতে এই পদত্যাগের মিছিল শুরু হয়েছে গতকাল থেকেই। ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগে গতকালই দায়িত্ব ছেড়েছেন অডিট কমিটির প্রধান মোখলেসুর রহমান শামীম। সম্প্রতি এক ফ্রিল্যান্সার সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিসিবির এই পরিচালক ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত। এমন চাঞ্চল্যকর খবর প্রকাশের পর শুক্রবারেই তিনি সরে দাঁড়ান।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ: চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আইসিসি

এর আগে, দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে আরেক বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ফলে গত ২৪ ঘণ্টার ব্যবধানে বিসিবির প্রভাবশালী দুই পরিচালকের বিদায় বোর্ডের অভ্যন্তরীণ কোন্দল ও প্রশাসনিক দুর্বলতাকেই সামনে নিয়ে আসছে।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো স্পর্শকাতর পদে ইশতিয়াকের পদত্যাগ তরুণ ক্রিকেটারদের পাইপলাইনের জন্য বড় এক ধাক্কা। বিশ্বকাপের আসর থেকে বাদ পড়া এবং বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের একের পর এক বিদায়—সব মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ড এক চরম সংকটের মুখে দাঁড়িয়ে আছে।