পালমেইরাসের জার্সিতে ভিক্টর রোকের গোল করার মুহূর্তব্রাজিল মাতাচ্ছেন ভিটর রোক। ছবি: গেটি ইমেজেস

ম্যানচেস্টার ইউনাইটেডে মাইকেল ক্যারিক যুগ শুরু হতেই দলবদলের বাজারে নতুন চমক দেখা দিয়েছে। এবার রেড ডেভিলদের রাডারে ধরা পড়েছেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার এবং বর্তমানে ব্রাজিলে ঝড় তোলা তরুণ তুর্কি ভিটর রোক। ন্যু ক্যাম্পে ১৩ মাসের কঠিন সময়ে মাত্র ২ গোল করে ব্রাত্য হয়ে পড়া রোক এখন ব্রাজিলের পালমেইরাসে যেন এক অপ্রতিরোধ্য গোলমেশিন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৯ ম্যাচে ২০টি গোল করে তিনি প্রমাণ করেছেন, কেন তাঁকে ‘এক্সট্রাঅর্ডিনারি’ ফরোয়ার্ড বলা হয়।

ব্রাজিলিয়ান সিরি এ-র তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর থেকেই তাঁর ওপর নজর পড়েছে ইউনাইটেডের স্কাউটদের। তবে এই ২০ বছর বয়সী বিস্ময় বালককে ওল্ড ট্র্যাফোর্ডে আনা খুব একটা সহজ হবে না।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘রেডিও টুপি’র মতে, রোকের জন্য পালমেইরাস প্রায় ৫০ মিলিয়ন ইউরো (৪৩ মিলিয়ন পাউন্ড) দাবি করছে।

উল্লেখ্য, এক বছর আগেই তাঁকে বার্সেলোনার কাছ থেকে ২৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল ক্লাবটি। অর্থাৎ, মাত্র এক বছরেই তাঁর দাম দ্বিগুণ করার লক্ষ্য পালমেইরাসের।

ক্যারিকের দলবদল পরিকল্পনা ও রোকের ভবিষ্যৎ

জানুয়ারির এই ট্রান্সফার উইন্ডোতে ইউনাইটেড হয়তো রোকের জন্য সরাসরি প্রস্তাব দেবে না। কারণ পালমেইরাস তাঁকে অন্তত আগামী গ্রীষ্মকালীন দলবদল পর্যন্ত ধরে রাখতে চায়। এছাড়া ইউনাইটেড গত গ্রীষ্মেই ম্যাথিউস কুনিয়া, ব্রায়ান এমবেউমো এবং বোমিন সেসকোর মতো আক্রমণভাগের খেলোয়াড়দের পেছনে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। আপাতত আমাদ ডিয়াল্লো এবং জোশুয়া জির্কজিরা নিয়মিত খেললেও ক্যারিক একজন খাঁটি স্ট্রাইকার খুঁজছেন।

যদিও বড় কোনো কেনাকাটা ছাড়া জানুয়ারি শেষ করার কথা ভাবছিল ইউনাইটেড, তবে দলবদল বিশেষজ্ঞ বেন জ্যাকবস জানিয়েছেন, মাঝমাঠ বা আক্রমণে শক্তি বাড়াতে শেষ মুহূর্তে একটি ‘সারপ্রাইজ সাইনিং’ দেখা যেতে পারে।

ভিক্টর রোক যদি শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে পা রাখেন, তবে ওল্ড ট্র্যাফোর্ডের আক্রমণভাগ যে আরও ধারালো হবে, তা বলাই বাহুল্য। তবে আপাতত সমর্থকদের নজর থাকবে গ্রীষ্মের বাজারের দিকেই।