বিগ ব্যাশ লিগে (বিবিএল) ব্যাটে-বলে রীতিমতো খাবি খেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অফ-ফর্মের কারণে তার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠলেও সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং কিন্তু ভিন্ন কথা বলছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ম্যাক্সওয়েলের ফর্মে ফেরার আদর্শ মঞ্চ হিসেবে দেখছেন এই কিংবদন্তি। পন্টিংয়ের বিশ্বাস, অভিজ্ঞতার জোরেই বিশ্বকাপের মতো বড় আসরে জ্বলে উঠবেন অস্ট্রেলিয়ার এই ‘এক্স-ফ্যাক্টর’।
সবশেষ বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারসের হয়ে ১১ ম্যাচে মাত্র ৭৬ রান করেছেন ম্যাক্সওয়েল। গড় মাত্র ১৫.২০, আর দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন মাত্র দুবার। বোলিংয়েও ছিলেন অনুজ্জ্বল, ৬৯.৫০ গড়ে নিয়েছেন মাত্র ২ উইকেট। ফিল্ডিংয়ে ক্যাচ মিসের মতো ঘটনাও ঘটিয়েছেন তিনি।
তবে পন্টিং মনে করেন, বিশ্বকাপের লঙ্কান কন্ডিশন এবং প্রথম দিকের ‘সহজ’ প্রতিপক্ষ ম্যাক্সওয়েলকে ছন্দ খুঁজে পেতে সাহায্য করবে।
পন্টিংয়ের ভাষ্যমতে, “ম্যাক্সওয়েল এটা পারবে, কারণ সে আগেও করে দেখিয়েছে। তাকে রিড করা খুব কঠিন। হয়তো সে অনুশীলনে সেরাটা দিয়েও ম্যাচে ব্যর্থ হতে পারে, আবার জঘন্য অনুশীলনের পর ম্যাচে এসে অতিমানবীয় কিছু করে বসতে পারে। এটাই তার বিশেষত্ব।”
৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েলের জন্য বয়স একটি চ্যালেঞ্জ হতে পারে বলে সতর্ক করেছেন পন্টিং। তবে তিনি মনে করেন, ২০২১ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ম্যাক্সওয়েলকে বড় আসরই তাতিয়ে দেবে। শ্রীলঙ্কার স্পিন বান্ধব উইকেটে ম্যাক্সওয়েলের ব্যাটিং এবং অফ-স্পিন অস্ট্রেলিয়ার জন্য বড় সম্পদ হবে বলে মনে করেন পন্টিং।
আগামী ১১ ফেব্রুয়ারি কলোম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। গ্রুপ ‘বি’-তে তাদের অন্য প্রতিপক্ষগুলো হলো জিম্বাবুয়ে, ওমান এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা।
পন্টিং মনে করেন, শুরুতে দুর্বল দলগুলোর বিপক্ষে কিছু রান ও উইকেট পেলে ম্যাক্সওয়েল টুর্নামেন্টের পরের দিকের জন্য আত্মবিশ্বাস ফিরে পাবেন।
ডাগআউটে প্রস্তুত স্টিভ স্মিথ
এদিকে, বিগ ব্যাশ লিগে বিধ্বংসী ফর্মে থাকা স্টিভ স্মিথ আপাতত স্কোয়াডের বাইরে থাকলেও পন্টিং তাকে ‘ব্যাকআপ’ হিসেবে সেরা মানছেন। স্মিথ ৬ ম্যাচে ৫৯.৮০ গড়ে ২৯৯ রান করেছেন, যার মধ্যে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি রয়েছে।
অজিদের সাবেক অধিনায়ক পন্টিংয়ের মতে, টপ অর্ডারে কেউ ইনজুরিতে পড়লেই স্মিথ হবেন প্রথম পছন্দ। ট্রাভিস হেড ও মিচেল মার্শ বর্তমানে থিতু থাকায় স্মিথকে আপাতত অপেক্ষা করতে হচ্ছে।

