নেইমারের প্রতি নিজের অনুরাগের কথা কখনোই লুকান না লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকার ফুটবল অনুপ্রেরণার তালিকায় শুরু থেকেই রয়েছেন ব্রাজিলের মহাতারকা। সেই অনুরাগের প্রকাশ দেখা গেছে মাঠের বাইরে যেমন, তেমনি মাঠের ভেতরেও।
গত মৌসুম শেষে ছুটি কাটাতে ব্রাজিলে গিয়েছিলেন ইয়ামাল। সেখানেই নেইমারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেই দেখার রেশ কাটতে না কাটতেই এবার দুজনের মধ্যে একটি ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ করলেন স্পেনের এই উদীয়মান তারকা।
আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেই টুর্নামেন্ট ঘিরেই নেইমারের সঙ্গে একটি ‘চুক্তি’র কথা জানিয়েছেন ইয়ামাল। তাঁর ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপের ফাইনালে যদি স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, তাহলে দুজন একসঙ্গে ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
নেইমারের সঙ্গে হওয়া সেই সমঝোতার কথা ইয়ামাল জানান এভাবে—
“নেইমারের সঙ্গে একটি চুক্তি করেছি: যদি স্পেন ও ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়, তাহলে আমরা একসঙ্গে ছুটিতে যাব।”
শুধু তাই নয়, বিশ্বকাপে গোল করতে পারলে নেইমারের প্রতি সম্মান জানিয়ে বিশেষ উদযাপন করবেন বলেও জানিয়েছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
আসন্ন বিশ্বকাপে স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে পারেন ইয়ামাল। তরুণ বয়সেই ক্লাব ও জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে আলাদা করে চিনিয়েছেন তিনি। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে এবারও ফেভারিটদের তালিকায় রাখা হচ্ছে।
নেইমারের পরিস্থিতি অবশ্য ভিন্ন। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা এই তারকা বারবার চোটে পড়েছেন সাম্প্রতিক সময়ে। চোটের কারণে নিয়মিত ফুটবলে ফিরতে না পারায় আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে তাঁর জায়গা পাওয়া নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবু মাঠের বাইরে ইয়ামালের সঙ্গে এই বন্ধন আর ভবিষ্যৎ পরিকল্পনা ফুটবলভক্তদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে। বিশ্বকাপের ফাইনালে সত্যিই কি দেখা যাবে স্পেন ও ব্রাজিলকে—সেই অপেক্ষাই এখন।

