অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পরিকল্পনায় বড়সড় এক ধাক্কা হয়ে এলো প্যাট কামিন্সের চোট। পিঠের ইনজুরি কাটিয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এই তারকা পেসার। কামিন্সের পরিবর্তে চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস।
শুধু কামিন্সই নন, অজি শিবিরে রদবদল হয়েছে আরও। অফ-ফর্মের কারণে বাদ পড়েছেন ম্যাথু শর্ট, আর কপাল খুলেছে ম্যাট রেনশর। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও ভাগ্য ফেরেনি স্টিভ স্মিথের; অজিদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা হয়নি।
কামিন্স কেন নেই?
পিঠের নিচের অংশের চোট (লুম্বার স্ট্রেস ইনজুরি) কামিন্সকে ভোগাচ্ছে গত জুলাই থেকেই। সবশেষ ডিসেম্বরে অ্যাডিলেড টেস্টের পর তিনি আর মাঠে নামতে পারেননি। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, কামিন্সের জানুয়ারির স্ক্যান রিপোর্ট ইতিবাচক হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার আরও সময় প্রয়োজন।
তবে আইপিএল শুরু হওয়া নাগাদ তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তার জায়গায় আসা ডোয়ারশুইস কেবল বল হাতেই নয়, ফিল্ডিং এবং নিচের দিকে ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস নির্বাচক টনি ডডেমাইডের।
রেনশর এন্ট্রি ও স্মিথ ট্র্যাজেডি
নির্বাচকদের চমক মূলত ম্যাট রেনশকে নিয়ে। ম্যাথু শর্টের সাম্প্রতিক ফর্ম আশাব্যঞ্জক না হওয়ায় একজন বাহাঁতি ব্যাটারের সন্ধানে ছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার স্পিন বান্ধব কন্ডিশনে মিডল অর্ডারে রেনশ কার্যকর হবেন বলে মনে করছেন নির্বাচকরা।
অন্যদিকে, বিগ ব্যাশ লিগে রানের পাহাড় গড়লেও স্টিভ স্মিথকে দলে নেওয়া হয়নি। নির্বাচকদের যুক্তি, স্মিথ কেবল টপ অর্ডার ব্যাটার হিসেবে খেলেন, যেখানে অধিনায়ক মিচেল মার্শ ও ট্রাভিস হেডের জুটি এখন সুসংহত। এমনকি ব্যাকআপ হিসেবে ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো বিকল্প থাকায় স্মিথের জন্য দরজা খোলেনি।
সুস্থ হয়ে ফিরছেন তিন তারকা
অজি শিবিরের জন্য স্বস্তির খবর হলো জশ হ্যাজেলউড, টিম ডেভিড এবং নাথান এলিসের ফিটনেস ছাড়পত্র পাওয়া। হ্যামস্ট্রিং ও গোড়ালির সমস্যায় থাকা হ্যাজেলউড অনেক দিন মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপের আগেই নিজেকে তৈরি করে নিয়েছেন। একই অবস্থা টিম ডেভিড ও নাথান এলিসের; ইনজুরি কাটিয়ে তারা এখন স্কোয়াডের অংশ।
অস্ট্রেলিয়ার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাট কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

