ইশান কিষান দারুণ এক সেঞ্চুরি করেছেন মাত্র ৪২ বলেদুর্দান্ত সেঞ্চুরির পর ইশান কিষান। ছবি: ভারত দলের ফেসবুক থেকে

হালকা চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি। তবে শেষ ম্যাচে একাদশে ফিরেই ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন ইশান কিষান। নিউজিল্যান্ডের বোলারদের ওপর চালালেন একতরফা তাণ্ডব। খুনে ব্যাটিংয়ে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

পাঁচ ম্যাচের সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে শনিবার থিরুভানান্থাপুরামে মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কিষান। ১০টি ছক্কা ও ৬টি চারে ৪৩ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে সাঞ্জু স্যামসনকে হারায় ভারত। এরপর তিন নম্বরে নামেন ইশান কিষান। শুরুটা অবশ্য ছিল ধীর—প্রথম পাঁচ বলে তাঁর রান ছিল মাত্র এক।

কিন্তু এরপরই রূপ বদলান কিষান। পেসার লকি ফার্গুসনের পরের দুই বলে একটি চার ও একটি ছক্কা মেরে গতি পান ইনিংসে। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

দ্বাদশ ওভারে লেগ স্পিনার ইশ সোধির ওপর কার্যত ঝড় বইয়ে দেন কিষান। ওই ওভারে চারটি চার ও দুটি ছক্কায় আসে ২৯ রান। মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে।

তৃতীয় উইকেটে সুরিয়াকুমার ইয়াদাভের সঙ্গে ৫৮ বলে ১৩৭ রানের বিস্ফোরক জুটি গড়েন কিষান। ছয়টি ছক্কা ও চারটি চারে সুরিয়াকুমার করেন ৩০ বলে ৬০ রান।

পঞ্চাশে পৌঁছাতে কিষানের লেগেছিল ২৮ বল। পরের ১৪ বলেই তিন অঙ্ক স্পর্শ করেন তিনি। সপ্তদশ ওভারে বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারকে পরপর দুই ছক্কা মেরে পূর্ণ করেন সেঞ্চুরি।

এর পরের ওভারে আউট হলেও ততক্ষণে নিজের কাজ সেরে ফেলেছেন কিষান।

৪২ বলে এই সেঞ্চুরি ভারতের হয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম দ্রুততম। দেশের হয়ে এই সংস্করণে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে করা ৮৯ রানই ছিল এত দিন তাঁর সর্বোচ্চ।

সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ইশান কিষানের সেঞ্চুরি এখন সাতটি, যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ।

এই সিরিজের প্রথম তিন ম্যাচে কিষানের রান ছিল ৮, ৭৬ ও ২৮। চতুর্থ ম্যাচে বাইরে থাকার পর, শেষ ম্যাচে ফিরে করলেন দাপুটে সেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শেষ ম্যাচ ছিল এটি। তাই এই ইনিংস কেবল কিষানের জন্য নয়, পুরো ভারতীয় দলের জন্যই বড় স্বস্তির খবর।