প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে চাপ আসবে—তা জানাই ছিল। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ১-১ ড্রয়ের পর মিকেল আর্তেতার দলের ওপর সেই চাপের পারদ এখন কয়েক গুণ বেড়ে গেল। যদিও আর্সেনাল এখনো টেবিলের শীর্ষে ৪ পয়েন্টে এগিয়ে আছে, কিন্তু পেছনে যখন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি তাড়া করে, তখন এই ব্যবধান মোটেও নিরাপদ নয়।
লিগের বাকি মাত্র ১২ ম্যাচ। ইতিহাস বলছে, মৌসুমের এই শেষ ভাগে এসে আর্সেনাল প্রায়ই পথ হারায়। গত পাঁচ মৌসুমে মাত্র একবারই তারা শেষ ১২ ম্যাচের মধ্যে ১০টিতে জয় পেয়েছে। এর আগের তিন মৌসুমে টানা দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে গানারদের।
গত রবিবারে সিটির নাটকীয় জয়ের পর আর্সেনালের ওপর যে চাপ তৈরি হয়েছিল, ব্রেন্টফোর্ডের বিপক্ষে ড্র সেই চাপকে আরও ঘনীভূত করল।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে বড় অভাব অনুভূত হয়েছে উইলিয়াম সালিবার। অসুস্থতার কারণে এই ফরাসি ডিফেন্ডার মাঠে ছিলেন না। পরিসংখ্যান বলছে, ২০২২-২৩ মৌসুম থেকে সালিবা থাকলে আর্সেনালের জয়ের হার ৬৮.৬%, যা তিনি না থাকলে নেমে আসে মাত্র ৪২.১ শতাংশে।
সালিবা থাকলে ম্যাচ প্রতি গানাররা পয়েন্ট পায় ২.৩, আর তিনি না থাকলে তা কমে দাঁড়ায় ১.৬-এ। এছাড়া ইনজুরিতে থাকা কাই হাভার্টজকে ছাড়া আক্রমণভাগও ঠিকমতো জ্বলে উঠতে পারেনি।
আর্তেতার আত্মবিশ্বাস ও বাইরের গুঞ্জন
ম্যাচ শেষে আর্তেতা বলেন, “আমাদের বাইরের সব আলোচনা বন্ধ রাখতে হবে। আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই প্রস্তুতি নেব। আমাদের কাজ হলো পারফরম্যান্সের স্তর আরও উঁচুতে নিয়ে যাওয়া যাতে প্রতিপক্ষকে টেক্কা দেওয়া যায়।”
মিডফিল্ডার ডিক্লান রাইসও একই সুরে কথা বলেছেন, তাঁর মতে এই মৌসুমটি একটি ‘রোলার কোস্টারের’ মতো এবং শিরোপা জিততে হলে স্নায়ুচাপ সামলানোই এখন বড় কাজ।
মার্টিন কিওনের বিশ্লেষণ
সাবেক আর্সেনাল ডিফেন্ডার মার্টিন কিওন ডিএনটি স্পোর্টসে বলেন, “লোকে আমাকে চিৎকার করে বলছে—সিটি তোমাদের ধরতে আসছে! কিন্তু দিনশেষে আর্সেনালই ৪ পয়েন্টে এগিয়ে। হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোটাই এখন বড় পরীক্ষা।”
অন্যদিকে পিটার ক্রাউচ মনে করেন, আর্সেনালের জন্য শিরোপা জেতার এটাই সেরা সুযোগ। কারণ সিটি, লিভারপুল বা ম্যানচেস্টার ইউনাইটেড তাদের পুরনো দাপুটে রূপে নেই।
আর্সেনালের সামনে সমীকরণ
আগামী বুধবার উলভারহ্যাম্পটনের বিপক্ষে ম্যাচটি এখন আর্সেনালের জন্য ‘মাস্ট উইন’ গেম। সিটির পরবর্তী ম্যাচের আগে আর্সেনাল যদি সেই ম্যাচ জিততে পারে, তবে ব্যবধান আবার ৭ পয়েন্টে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে। অন্যথায়, টানা চতুর্থবার রানার্সআপ হওয়ার শঙ্কা তাড়া করবে উত্তর লন্ডনের ক্লাবটিকে।

