বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।পাকিস্তানের তিন তারকা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর পাকিস্তান ক্রিকেট এখন উত্তাল। দলের এমন শোচনীয় পারফরম্যান্সের পর তিন অভিজ্ঞ ক্রিকেটার—বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও শাদাব খানকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

‘অর্থহীন জয় নয়, নতুন পারফরমার চাই’

রোববার ভারতের কাছে হারার পর নিজের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন ইউসুফ। তিনি সরাসরি লেখেন, “শাহীন, বাবর ও শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে এখন নতুন পারফরমারদের প্রয়োজন। দুর্বল দলের বিপক্ষে অর্থহীন জয় দিয়ে আর হবে না।”

মূলত ভারতের মতো বড় ম্যাচে এই তিন সিনিয়রের ব্যর্থতাই তাঁকে এমন কঠোর হতে বাধ্য করেছে।

এক ম্যাচে তিন তারকার ফ্লপ শো

ভারতের ছুঁড়ে দেওয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। ম্যাচটিতে এই তিন তারকার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো বাজে:

বাবর আজম: অভিজ্ঞ এই ব্যাটার ৪ নম্বরে নেমে মাত্র ৭ বলে ৫ রান করে আকসার প্যাটেলের বলে বোল্ড হন। তাঁর ধীরগতির ব্যাটিং ও দায়িত্বহীন শট নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা চলছে।

শাহীন শাহ আফ্রিদি: বল হাতে রীতিমতো অসহায় ছিলেন এই বাঁহাতি পেসার। ২ ওভারে ৩১ রান দিয়ে ইনিংসের শেষ বলে মাত্র ১টি উইকেট পান তিনি।

শাদাব খান: অলরাউন্ডার হিসেবে দলে থাকলেও ১ ওভারে ১৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরে ব্যাট হাতেও ১৫ বলে মাত্র ১৪ রান করে দলের চাপ বাড়ান।

চাপের মুখে পাকিস্তান

ভারতের কাছে এই বড় হারের ফলে সুপার এইটের সমীকরণ পাকিস্তানের জন্য কঠিন হয়ে পড়েছে। এখন যুক্তরাষ্ট্রকে টপকাতে হলে শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে কেবল জিতলেই হবে না, বড় ব্যবধান বজায় রাখতে হবে সালমান আলি আঘার দলকে। এমন ক্রান্তিলগ্নে সাবেক ক্রিকেটারদের এমন কঠোর সমালোচনা পাকিস্তান ড্রেসিংরুমে বাড়তি চাপ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মোহাম্মদ ইউসুফ মনে করেন, বড় মঞ্চে যারা বারবার ব্যর্থ হচ্ছেন, তাদের সরিয়ে তরুণদের সুযোগ দেওয়ার এটাই সঠিক সময়। এখন দেখার বিষয়, পিসিবি বা এই তিন ক্রিকেটার ইউসুফের এই ‘পরামর্শ’ কীভাবে গ্রহণ করেন।