বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ছবি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে অনাকাঙ্ক্ষিত বিদায় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা—সব মিলিয়ে সময়টা বেশ টালমাটাল যাচ্ছিল মোস্তাফিজুর রহমানের জন্য। তবে সব বিতর্ক পেছনে ফেলে এবার ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘দ্য হান্ড্রেড’-এ নিজের দাপট দেখানোর প্রস্তুতি নিচ্ছেন ‘দ্য ফিজ’। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ড্রাফটে নাম লিখিয়েছেন তিনি, আর তাতেই শুরু হয়েছে তোলপাড়।

সর্বোচ্চ ক্যাটাগরিতে ‘ফিজ’

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত ড্রাফট তালিকায় দেখা গেছে, বাংলাদেশের ২৩ জন ক্রিকেটারের মধ্যে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ১ লাখ পাউন্ড (প্রায় ১ কোটি ৫২ লাখ টাকা) রিজার্ভ প্রাইসের ক্যাটাগরিতে রয়েছেন। ২০১৬ সালে সাসেক্সের হয়ে ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা থাকলেও হান্ড্রেডে এটিই হতে পারে তাঁর প্রথম অংশগ্রহণ।

রিশাদ ও একঝাঁক টাইগারের উপস্থিতি

মোস্তাফিজের পরেই নজর কাড়ছেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। তাঁর ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ হাজার পাউন্ড। এছাড়া ৩১ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে রয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও লিটন দাসের মতো সিনিয়র ক্রিকেটাররা। সব মিলিয়ে ৭১০ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের ২৩ জন প্রতিনিধি এবার ইংল্যান্ডের এই মেগা নিলামে অংশ নিচ্ছেন।

১২ মার্চ নিলাম

এর আগে ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় নির্বাচন করা হলেও ২০২৬ সালের আসরের জন্য প্রথমবারের মতো নিলাম (Auction) পদ্ধতি চালু করেছে হান্ড্রেড কর্তৃপক্ষ। আগামী ১২ মার্চ লন্ডনের পিকাদিলি লাইটসে এই নিলাম অনুষ্ঠিত হবে (মেয়েদের নিলাম ১১ মার্চ)। ১৮টি দেশের প্রায় ১০০০ ক্রিকেটার এই ড্রাফটে নিবন্ধিত হয়েছেন।

আইপিএল বিতর্কের ছায়া কি হান্ড্রেডেও?

মোস্তাফিজকে কেকেআর থেকে ছেড়ে দেওয়ার পেছনে কট্টরপন্থীদের প্রতিবাদের মুখে বিসিসিআই-এর নির্দেশনা ছিল বলে প্রতিবেদনগুলোতে উঠে এসেছে। তবে হান্ড্রেডেও যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্স বা দিল্লি ক্যাপিটালসের মতো আইপিএল মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি রয়েছে, তাই মোস্তাফিজের দল পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা প্রকাশ করেছে অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে ইংলিশ কন্ডিশনে ফিজের কার্যকারিতা যে কোনো দলের জন্যই বড় সম্পদ হতে পারে।

দ্য হান্ড্রেড ২০২৬ ড্রাফটে থাকা ক্রিকেটার

১ লাখ পাউন্ড: মোস্তাফিজুর রহমান।

৭৫ হাজার পাউন্ড: রিশাদ হোসেন।

৩১ হাজার পাউন্ড: নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলি অনিক, লিটন দাস, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামিম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।