রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিন ইউরোপীয় টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছেন।রবিচন্দ্রন অশ্বিন ও রাহুল দ্রাবিড়। ছবি: গেটি ইমেজেস

ইউরোপীয় ক্রিকেটের মানচিত্রে নতুন বিপ্লব ঘটাতে আসছে ‘ইউরোপীয় টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ’ (ETPL)। আর এই লিগের শুরুতেই বড় ধামাকা দিলেন ভারতের দুই মহাতারকা রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিন। বিবিস স্পোর্টসের তথ্যমতে, একটি ভারতীয় কনসোর্টিয়ামের অংশ হিসেবে গ্লাসগো ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছেন তারা। আগামী ২৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে মাঠের লড়াইয়ের আগেই মালিকানা লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছেন এই দুই কিংবদন্তি।

স্কটল্যান্ডের সঙ্গে দ্রাবিড়ের পুরনো প্রেম

৫৩ বছর বয়সী রাহুল দ্রাবিড়ের গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি কেনার পেছনে রয়েছে এক আবেগী ইতিহাস। ২০০৩ সালে স্কটল্যান্ডের হয়ে বিদেশি পেশাদার খেলোয়াড় হিসেবে খেলেছিলেন তিনি। তখনও ইংল্যান্ডের কাউন্টিতে খেলতো স্কটল্যান্ড সেই মৌসুমে ১১ ম্যাচে ৩টি সেঞ্চুরিসহ ৬০০ রান করেছিলেন ‘দ্য ওয়াল’। নিজের সেই পুরনো ডেরায় এবার মালিক হিসেবে ফিরছেন ভারতের সাবেক এই হেড কোচ।

অশ্বিন কি নামবেন খেলোয়াড় হিসেবে?

৩৯ বছর বয়সী রবিচন্দ্রন অশ্বিন গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে অবসর নিয়েছেন। হাঁটুর চোটের কারণে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলা না হলেও এখন তিনি সুস্থতার পথে।

ইটিপিএল-এর আয়োজকরা মনে করছেন, অশ্বিন কেবল মালিক নন, বরং গ্লাসগোর হয়ে মাঠে নামলে তা লিগের জৌলুস বহুগুণ বাড়িয়ে দেবে। ১০৬ টেস্টে ৭৬৫ উইকেটের মালিক অশ্বিন নিজেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

ফাফ ডু প্লেসি থেকে অভিষেক বচ্চন

কেবল দ্রাবিড়-অশ্বিন নন, রোটারডাম ভিত্তিক দ্বিতীয় ডাচ ফ্র্যাঞ্চাইজিটি কিনতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকান এক গ্রুপ, যার নেতৃত্বে আছেন ফাফ ডু প্লেসি, হেনরিখ ক্লাসেন এবং জন্টি রোডস। এছাড়া এই লিগের সহ-মালিক হিসেবে আছেন বলিউড তারকা অভিষেক বচ্চন। ছয় দলের এই টুর্নামেন্টে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড যৌথভাবে কাজ করছে।

ইটিপিএল-এর জানা-অজানা তথ্য

নিলাম ও ফ্র্যাঞ্চাইজি মূল্য: প্রতিটি দল ১৫ মিলিয়ন ডলারের (১০ বছরের জন্য) বিনিময়ে বিক্রি হয়েছে।

বাজেট: প্রতি মৌসুমে খেলোয়াড়দের বেতনের জন্য ১.৫ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে।

সময়সূচি: টুর্নামেন্টটি চলবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

ইংল্যান্ড সিরিজের প্রভাব: হ্যারি ব্রুক বা জোফরা আর্চারের মতো তারকারা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের কারণে খেলতে পারবেন না, তবে কাউন্টি খেলা ক্রিকেটারদের অনাপত্তি পত্র (NOC) নিয়ে খেলার সুযোগ থাকছে।

ডাবলিন ভিত্তিক শেষ ফ্র্যাঞ্চাইজিটি এখনো অবিক্রিত থাকলেও, ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এর দুই মালিক পক্ষ সেটি কেনার দৌড়ে আছে। সব মিলিয়ে ২০২৬ সালের আগস্টে ইউরোপের মাটিতে ক্রিকেট ও গ্ল্যামারের এক অনন্য মিশেল দেখতে যাচ্ছে বিশ্ব।