ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই—বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইউরোপ সেরা স্পেনের ‘লা ফিনালিসিমা’। ভক্তরা যখন লিওনেল মেসি এবং নতুন বিস্ময় লামিনে ইয়ামালের দ্বৈরথ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন, তখনই নতুন নাটক শুরু হয়েছে ভেন্যু নির্বাচন নিয়ে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কাতার থেকে ম্যাচটি সরে যাওয়া নিশ্চিত হলেও, নতুন গন্তব্য কোথায় তা নিয়ে ফুটবলীয় দুই পরাশক্তি উয়েফা ও কনমেবল এখন মুখোমুখি অবস্থানে।
স্পেনে খেলতে নারাজ আর্জেন্টিনা
শুরুতে শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হতে পারে এই মহারণ। কিন্তু এই গুঞ্জনে জল ঢেলে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টাইন সংবাদকর্মী এস্তেবান এদুল জানিয়েছেন, স্পেনে খেলা মানে আর্জেন্টিনাকে ‘অ্যাওয়ে’ বা অতিথি দল হিসেবে মাঠে নামা, যা মানতে চাইছে না কনমেবল।
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া নিজের অবস্থান পরিষ্কার করে টিওয়াইসি স্পোর্টসকে বলেছেন, “স্পেন চাইছে ফাইনালটা তাদের দেশে হোক। কিন্তু আমি চাই ম্যাচটি হোক বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে।”
নিরপেক্ষ ভেন্যুই কি সমাধান?
ভেন্যু নিয়ে এই রশি টানাটানির মধ্যে তিনটি সম্ভাব্য পথ দেখছেন আয়োজকরা। প্রথমত, কনমেবল নমনীয় হলে স্পেনে খেলা। তবে তাপিয়ার অনড় অবস্থানে এর সম্ভাবনা ক্ষীণ। দ্বিতীয়ত, বুয়েনস আইরেসে খেলা আয়োজন করা। কিন্তু ইউরোপীয় ক্লাব ফুটবলের ঠাসা সূচির কারণে স্প্যানিশ ফুটবলারদের আটলান্টিক পাড়ি দেওয়াটা উয়েফার জন্য কঠিন হতে পারে।
তৃতীয় এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে দেখা হচ্ছে ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুকে। ২৭ মার্চ ম্যাচটি আয়োজনের জন্য লিসবন, লন্ডন কিংবা রোমের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ওই দিন এই শহরগুলোর বড় স্টেডিয়ামগুলো ফাঁকা থাকায় আয়োজকদের প্রথম পছন্দ হতে পারে এগুলোই।
তারিখ বদলানোর সুযোগ নেই
২০২৫ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সূচির চাপে ম্যাচটি গড়িয়েছে ২০২৬-এ। নতুন করে আবারও তারিখ পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে উয়েফা ও কনমেবল। আরএফইএফ সভাপতি রাফায়েল লোজান আগেই নিশ্চিত করেছেন কাতার থেকে ম্যাচ সরছে। এখন দেখার বিষয়, মেসির শেষ বড় কোনো ট্রফি জয়ের মঞ্চটি লিসবনের আলোয় সাজে নাকি বুয়েনস আইরেসের নীল-সাদা গ্যালারিতে।

